খুলনায় জনগণ খালেককে ভোট দিতে চায়: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহবুব উল আলম হানিফ। প্রথম আলো ফাইল ছবি
মাহবুব উল আলম হানিফ। প্রথম আলো ফাইল ছবি

খুলনা সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘আমাদের কাছে খবর আছে, জনগণ তালুকদার আবদুল খালেককে ভোট দিতে চায়।’

আজ সোমবার সকালে কুষ্টিয়া শহরে নিজ বাড়িতে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। হানিফ বলেন, খুলনার জনগণই বলছে, তারা তালুকদার আবদুল খালেককে মেয়র হিসেবে দেখতে চায়। কারণ তিনি সাংসদ থাকাকালীন সেখানে ব্যাপক উন্নয়ন করেছেন।

খুলনা সিটি নির্বাচনে জয়ী হতে সরকার সাদাপোশাকধারী বিশেষ বাহিনীর সমাগম ঘটিয়েছে, বিএনপির এমন অভিযোগের প্রসঙ্গে হানিফ পাল্টা অভিযোগ করে বলেন, ‘বিএনপির মেয়র ছিল পাঁচ বছর। তারা একটি কাজও করতে পারে নাই। তারা লুটপাট, চুরি ও ধান্দাবাজি করেছে। এ কারণেই জনগণ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। জনগণ মুখ ফিরিয়ে নেওয়ার দায় বিএনপি সরকারের ওপর চাপানোর চেষ্টা করছে।’

মতবিনিময় সভায় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান প্রমুখ উপস্থিত ছিলেন।