
ইউনিয়ন পরিষদ নির্বাচনের শেষ পর্যায়ে এসে নির্বাচন কমিশন (ইসি) খেই হারিয়ে ফেলেছে। প্রার্থী-সমর্থক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ভোট গ্রহণ কর্মকর্তা—কাউকেই কমিশন নিয়ন্ত্রণে রাখতে পারছে না। যে কারণে আগের চার ধাপের তুলনায় গতকাল শনিবার পঞ্চম ধাপের নির্বাচনে কেন্দ্র দখল, ভোট জালিয়াতি ও সহিংসতার মাত্রা বেড়েছে।
নির্বাচন কমিশনের মাঠ কর্মকর্তা ও বিশেষজ্ঞরা এই মত দিয়েছেন। গতকাল পঞ্চম ধাপে দেশের বিভিন্ন স্থানে ৭১৭টি ইউনিয়নের ৬ হাজার ৮৮৪টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে। তবে অধিকাংশ স্থানে সুষ্ঠু নির্বাচনের খবর পাওয়া যায়নি। বেশির ভাগ এলাকায় কমবেশি কেন্দ্র দখল, গোলাগুলি ও দেশীয় অস্ত্রের ব্যবহারে সহিংসতা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ১০ জন মারা গেছেন এবং আহত হয়েছেন ৫০০-এর মতো। পরিস্থিতি সামাল দিতে গিয়ে কমিশন ১২০টি কেন্দ্রে ভোট গ্রহণ বাতিল করেছে। যাতে সিংহভাগ ভূমিকা রেখেছেন কমিশন সচিবালয়ের নিজস্ব মাঠ কর্মকর্তা। গতকাল নোয়াখালীর বেগমগঞ্জ ও সেনবাগেই বন্ধ করা হয়েছে ৮১টি কেন্দ্র। এর আগের ধাপে সব মিলিয়ে ১৭৭টি কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছিল।
যদি প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ গতকাল বলেছেন, নির্বাচনে সহিংসতা বেড়েছে, তবে জাল ভোট ও নির্বাচনী অনিয়ম কমেছে।
কিন্তু সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, নির্বাচন কমিশন নিজেরা সাফল্য দেখতে পেলেও বাস্তবে তা দেখা যায় না। শুরু থেকে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর তাদের কোনো নিয়ন্ত্রণ ছিল না। ইউপি নির্বাচনে এসে তারা পুরোপুরি বেসামাল হয়ে পড়েছে। দেশে ভোট হচ্ছে, তার জন্য আইন আছে। অথচ প্রার্থী বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী—কেউই এর তোয়াক্কা করছে না। কমিশনের উচিত ছিল প্রথম ধাপের নির্বাচনী সহিংসতার পরপরই নির্বাচন বন্ধ করে দেওয়া। বলা উচিত ছিল, যখন পরিবেশ হবে তখন নির্বাচন করবে।
সাখাওয়াত হোসেন আরও বলেন, একজন কমিশনার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দপ্তরে ঘুরে ঘুরে নিজেদের অসহায়ত্ব আগেই প্রকাশ করেছেন। পাশাপাশি সরকারও কমিশনকে পাত্তা দিচ্ছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কমিশনের অনুমতি না নিয়ে গাজীপুরের এসপির বদলি প্রত্যাহার আদেশ প্রত্যাহার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অপকর্মে উৎসাহিত করেছে।
নির্বাচন কমিশনের মাঠ কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, গতকালের নির্বাচনে অসংখ্য কেন্দ্রে পুলিশ, বিজিবি, সরকারের নির্বাহী বিভাগ থেকে নিয়োগ পাওয়া রিটার্নিং কর্মকর্তা, প্রিসাইডিং কর্মকর্তা ও ভোট গ্রহণ কর্মকর্তারা সরকারি দলের প্রার্থীর পক্ষে কেন্দ্র দখল করে জাল ভোট দিতে সহযোগিতা করেছেন। এসব কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিপক্ষের প্রার্থীদের পিটিয়ে কেন্দ্র ছাড়া করেছে।
সার্বিক পরিস্থিতি সম্পর্কে গতকাল ভোট শেষে সিইসি সাংবাদিকদের বলেন, বেশ কিছু জায়গায় হানাহানির ঘটনা ঘটেছে। সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। নির্বাচনে সহিংসতায় কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থানের কারণে একটি কেন্দ্র ছাড়া আর কোথাও আগের রাতে ব্যালটে সিল মারার ঘটনা ঘটেনি। যেখানে অনিয়ম হয়েছে, সেখানে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলিও করেছে। অনিয়মের কারণে একজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে আটক করা হয়েছে। ১৪০ জনকে জরিমানা এবং ১ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিএনপি থেকে কমিশনের পদত্যাগের দাবি সম্পর্কে সিইসি বলেন, ‘উনারা রাজনৈতিক দল। উনাদের বক্তব্যের ভিত্তিতে আমার কিছু বলার নেই।’
সহিংসতা বেড়ে যাওয়ার কারণ সম্পর্কে কাজী রকিবউদ্দীন বলেন, সারা দেশেই সহিংসতার আবহ বিদ্যমান। জমিজমা নিয়েও সহিংসতা করছে মানুষ। নির্বাচন নিয়েও হচ্ছে। প্রার্থীদের অনেকেই অন্যের মাথায় লাঠি মেরে জিততে চান। এই মানসিকতা নিয়ন্ত্রণ করা কঠিন।
সিইসির বক্তব্য সম্পর্কে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ব্যর্থতার সব দায় কমিশনকে বহন করতে হবে। নিয়ম অনুযায়ী নির্বাচনের আগে আগে সব জায়গায় অবৈধ অস্ত্র উদ্ধার করতে হয়। কিন্তু এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অস্ত্র উদ্ধারে কোথাও অভিযান চালিয়েছে বলে খবর পাওয়া যায়নি। পুলিশ-বিজিবি অপরাধ দমন না করে নিজেরাই জাল ভোট দেওয়া ও কেন্দ্র দখল করার মতো অপরাধে লিপ্ত হয়েছে। আচরণবিধি লঙ্ঘনে কমিশন কারও বিরুদ্ধেই কঠোর কোনো ব্যবস্থা নেয়নি, যে কারণে সহিংসতা বেড়েছে।
বিএনপির অভিযোগ: এদিকে গতকাল দুপুরে বিএনপির নেতা নজরুল ইসলাম খান ও মো. সুজা উদ্দিন সিইসির সঙ্গে দেখা করে সারা দেশে নির্বাচনী অনিয়মের চিত্র তুলে ধরেন। পরে নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, বিএনপি জানত, এই কমিশনের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না। কারণ নির্বাচনের নামে তামাশা হচ্ছে। আর কমিশন জেগেও ঘুমিয়ে আছে। সরকার, প্রশাসন ও কমিশন সরকারি দলের পক্ষে কাজ করছে। অভিযোগ দিয়েও লাভ হচ্ছে না। পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না। তা সত্ত্বেও শুধু গণতন্ত্রের স্বার্থে বিএনপি নির্বাচনে আছে।
নির্বাচন কমিশনের অসহায়ত্বে বিএনপি সহানুভূতিশীল বলে নজরুল ইসলাম খান মন্তব্য করেন। তিনি বলেন, কমিশনের এতটা অসহায় ভাব দেখানো উচিত না। কারণ তারা সাংবিধানিক প্রতিষ্ঠান। তাদের ক্ষমতা অনেক।