খেটে খাওয়া মানুষ বঞ্চিত: মুজাহিদুল
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, খেটে খাওয়া মেহনতি মানুষই দেশের অর্থনীতি সচল রাখছেন। কিন্তু তাঁরাই সবচেয়ে অবহেলিত, বঞ্চিত।
বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মুজাহিদুল ইসলাম এ কথা বলেন। গতকাল শুক্রবার রাজধানীর মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লুটপাটের অর্থনীতির কারণে বৈষম্য বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, ধনিকশ্রেণির সরকার, রাষ্ট্র ও সমাজব্যবস্থায় ক্ষেতমজুর ও মেহনতি মানুষের মুক্তি নেই। এ জন্য চাই সমাজতন্ত্র। তিনি বলেন, ‘মাথাপিছু আয় এক লাখ টাকা ছাড়িয়ে গেছে বলে দাবি করা হলেও ছয় কোটি ক্ষেতমজুরের কাছে তা নয়। তাদের হাত আছে তো কাজ নেই। কাজ আছে তো ভাত নেই।’
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ক্ষেতমজুর সমিতির সহসভাপতি সৈয়দ আহমেদ। সাবেক সভাপতি শামছুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল খান, বর্তমান সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন।