খেলার আগেই ফাউলের অভিযোগ করছে বিএনপি: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহবুব উল আলম হানিফ
মাহবুব উল আলম হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, তফসিল ঘোষণার পরপরই প্রতিদিন বিএনপি একেকটা অভিযোগ করে আসছে। খেলার মাঠে খেলা শুরুই হলো না, আগেই ফাউলের অভিযোগ করে আসছে। আজ রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সাম্যবাদী দল আয়োজিত বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি জানে নির্বাচনে জয়লাভ করতে পারবে না। জনবিরোধী কর্মকাণ্ডের জন্য জনগণ তাদের প্রত্যাখ্যান করে আসছে। নিজেদের পরাজয়ের আশঙ্কায় তারা নানা অভিযোগ করছে। এটা জনগণের মধ্যে একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা। তারা চেষ্টা করছে বিভ্রান্তি ছড়িয়ে আন্দোলন করা যায় কি না।

হানিফ বলেন, দ্ব্যর্থহীন ভাষায় বলে দিতে চাই—নির্বাচন কমিশনের দায়িত্ব অবাধ-সুষ্ঠু নির্বাচন করা। সরকারের দায়িত্ব নির্বাচন কমিশনকে সহায়তা করা। এই নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি¯ছড়ানোর সুযোগ নেই। এই নির্বাচনকে কেন্দ্র করে কোনো আন্দোলনের সুযোগ নেই। নির্বাচনকে কেন্দ্র করে বিভ্রান্তি¯ছড়িয়ে ভবিষ্যতে আন্দোলন করার পরিকল্পনা বিএনপির মাথায় থাকলে এখনই দূর করার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সংখ্যালঘুদের ওপর হামলার অশুভ তৎপরতা চালিয়ে সরকারকে হটানো যাবে না। এটাকে কঠোরভাবে দমন করা হবে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের সঙ্গে ঐক্য হতে পারে। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের সঙ্গে নয়। বিএনপি ইতিমধ্যে নিজেদের যুদ্ধাপরাধীদের দল হিসেবে প্রমাণ করেছে। তাদের সঙ্গে কোনোভাবেই ঐক্য সম্ভব নয়।

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন প্রমুখ।