খোলা চিঠিতে খালেদা জিয়াকে পরামর্শ জাফরুল্লাহ চৌধুরীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী এক খোলা চিঠিতে এবার ১৫ আগস্ট জন্মদিন পালন না করায় খালেদা জিয়াকে সাধুবাদ জানিয়েছেন। পাশাপাশি খালেদা জিয়ার কিছু ‘ভুল’ কাজের সমালোচনা এবং তাঁকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন তিনি।
বিএনপির শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচিত জাফরুল্লাহ চৌধুরী বিএনপির চেয়ারপারসনের উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে এ কথা বলেছেন। এর আগেও খালেদা জিয়ার উদ্দেশে একটি খোলা চিঠি দিয়েছিলেন তিনি। তবে তাঁর এই চিঠি দেওয়া সঠিক হয়নি বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রায় সাড়ে তিন হাজার শব্দের ওই চিঠিতে জাফরুল্লাহ খালেদা জিয়াকে জামায়াতের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া, দলে গণতন্ত্র ও গঠনতন্ত্রের চর্চা করা, প্রতিদিন তাঁকে নিয়মিত সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত কর্মীদের সাক্ষাৎ দেওয়া, কূপমণ্ডূকতা পরিহার করা, দলে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, প্রতি মাসে অন্তত দুটি জেলায় জনসভা করা, ভারতের অর্থনৈতিক কার্যকলাপের কথা শক্তভাবে বারবার জনসভায় তুলে ধরা, অধ্যাপক এমাজউদ্দীন আহমদকে প্রধান উপদেষ্টা নিয়োগ দেওয়াসহ বিভিন্ন পরামর্শ দেন। বিএনপির গঠনতন্ত্রের একটি ধারার উল্লেখ করে তিনি বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে আসিফ নজরুল, তোফায়েল আহমদ, দিলারা চৌধুরী, অধ্যাপক আহমেদ কামাল, সিরাজুল ইসলাম চৌধুরী, বদিউল আলম মজুমদার, হাফিজ উদ্দিন আহমদ, দেবপ্রিয় ভট্টাচার্য, শাহদীন মালিক, বিনায়ক সেনের মতো বিশিষ্টজনদের কমিটিতে ‘কো-অপ্ট’ করার পরামর্শ দেন।
চিঠিতে জাফরুল্লাহ বিএনপির কমিটি গঠনের প্রক্রিয়া এবং দলের জ্যেষ্ঠ নেতাদের ভূমিকার কঠোর সমালোচনা করেন। তিনি মনে করেন, দীর্ঘদিন খালেদা জিয়া দলের গঠনতন্ত্র পড়েননি। একজন ছাড়া ‘এম’ আধ্যক্ষরের জ্যেষ্ঠ নেতারা তাঁকে দিয়ে গঠনতন্ত্র ভঙ্গ করিয়েছেন।