গজারিয়া ইউপি নির্বাচন বর্জনের ঘোষণা বিএনপি প্রার্থীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউপি নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদ প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. লাল মিয়া। সোমবার বিকেলে গজারিয়া ইউনিয়নের জয়পুরা গ্রামে তাঁর নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। মঙ্গলবার পলাশ উপজেলার গজারিয়া ও ডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচন।

সংবাদ সম্মেলনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী লাল মিয়া অভিযোগ করেন, গজারিয়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. বদরুজ্জামানের লোকজন তাঁর নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি-ধমকি দিচ্ছেন। পাশাপাশি বিভিন্নভাবে হয়রানি ও নির্যাতন করছেন। এমনকি গতকাল রোববার রাতে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর লোকজন তাঁর বাড়িতেও হামলা চালায়। এসব অভিযোগ লিখিতভাবে রিটার্নিং কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি। তাই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের চেয়ারম্যান পদ প্রার্থী বদরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘পরাজয় নিশ্চিত জেনে আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট অভিযোগ দিয়ে আমার জনপ্রিয়তাকে প্রশ্নবিদ্ধ করতে চাইছেন বিএনপির প্রার্থী।’

এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারিজা নুর বলেন, বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী লিখিত অভিযোগ পেয়েছি। কিন্তু কার্যালয়ের বাইরে থাকায় দেখতে পারিনি।