গঠনতন্ত্র সংশোধনে তৃণমূলের মত নেবে আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন ২০তম জাতীয় সম্মেলনে দলীয় গঠনতন্ত্র পরিবর্তন করতে তৃণমূল নেতা-কর্মীদের মতামত নেবে ÿক্ষমতাসীন আওয়ামী লীগ। এ ক্ষেত্রে জেলা কমিটির কাছ থেকে লিখিত পরামর্শ চাওয়া হবে।
গতকাল বুধবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সম্মেলন উপলক্ষে গঠিত গঠনতন্ত্র উপপরিষদের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে একাধিক নেতা জানিয়েছেন। এ ছাড়া অতীতে স্থানীয় সরকারের নির্বাচন হয়েছে নির্দলীয়। এবার থেকে তা দলীয় রূপ নেওয়ার কারণে সেটিও গঠনতন্ত্রে অন্তর্ভুক্ত করা হবে। ১০ ও ১১ জুলাই আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারিত আছে।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে গঠনতন্ত্র উপপরিষদের আহ্বায়ক এবং দলের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী ১৫ জুনের মধ্যে গঠনতন্ত্র-সংক্রান্ত প্রতিবেদন চূড়ান্ত করব। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সাড়ে সাত বছরের অর্জন রয়েছে। আগামী সম্মেলনে এই অর্জনের ধারাবাহিকতা রক্ষা ও ভবিষ্যতের পথচলা নির্ধারণ করবেন কাউন্সিলররা।’ তিনি বলেন, ৭৩ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটির সদস্যসংখ্যা বাড়তে পারে। দেশে কয়েকটা নতুন বিভাগ হয়েছে। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী প্রতি বিভাগে একজন করে সাংগঠনিক সম্পাদক রাখার কথা বলা হয়েছে। তাই এই পদের সংখ্যা বাড়াতে হতে পারে। যুগ্ম সাধারণ সম্পাদক, সভাপতিমণ্ডলীর সদস্যও বাড়তে পারে।
গঠনতন্ত্র উপপরিষদের আহ্বায়ক বলেন, ‘যুক্তরাজ্যের লেবার পার্টি ও কনজারভেটিভ পার্টি; ভারতের কংগ্রেস, বিজেপি ও তৃণমূল কংগ্রেস; কানাডা, অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর দলের গঠনতন্ত্র আমরা সংগ্রহ করেছি। এগুলো দেখে আমাদের গঠনতন্ত্র সংশোধনের জন্য মতামত উপস্থাপন করব।’