গঠনতন্ত্র সংশোধন করে ইসিকে জানাল বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য গঠনতন্ত্র সংশোধন করা হয়েছে বলে নির্বাচন কমিশনকে জানিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার বিএনপির যুগ্মমহাসিচব রুহুল কবির রিজভী এ সংক্রান্ত একটি চিঠি কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলামের কাছে পৌঁছে দেন।

বর্তমানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে তারেক রাহমান এই পদে আছেন। ২০০৯ সালে গণতন্ত্র সংশোধন করে এই পদটি সৃষ্টি করা হয়। এরপর খালেদা জিয়া এই পদটি তাঁর ছেলেকে দেন। গঠনতন্ত্র সংশোধন করার ফলে এখন থেকে চেয়ারপারসন এই পদে কাউকে সরাসরি নিয়োগ দিতে পারবেন না। সরাসরি দলের কাউন্সিলরদের ভোট দেওয়ার সুযোগ করা হয়েছে।

এ বিষয়ে রুহুল কবির সাংবাদিকদের বলেন, গত ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে ভোটের বিধান রেখে দলীয় গঠনতন্ত্রে সংশোধনী আনা হয়। তিনি বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যয়ন করবেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এ বিষয়ে এখনো কমিশনকে জানানো হয়নি।