গঠনতন্ত্র স্থগিত ঘোষণা 'আসল' বিএনপির
পুনর্গঠনের জন্য বিএনপির গঠনতন্ত্র অনির্দিষ্টকালের জন্য ‘স্থগিত’ ঘোষণা করেছেন ‘আসল’ বিএনপির নেতা কামরুল হাসান নাসিম। গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আদালতের আদলে দুটি কাঠগড়া বানিয়ে জনতার কাছ থেকে তিনি এ রায় নেন!
কামরুল হাসান বলেছেন, এটা হচ্ছে জাতীয়তাবাদী জনতার নিম্ন আদালত। সেখানে তিনি বাদী হয়ে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপির পাঁচটি অসুখের কথা তুলে ধরে জনতার কাছে বিচার চান। তা হলো: খালেদা জিয়া ও তারেক রহমান বিএনপিকে নেতৃত্ব দিতে ব্যর্থ, তাঁরা বিদেশি শক্তিনির্ভর হয়ে উঠেছে, দলে জনস্বার্থ সংরক্ষণে রাজনীতি নেই, জাতীয়তাবাদী দলটি জামায়াতেবাদী দলে পরিণত হয়েছে এবং নাশকতার রাজনীতি বেছে নিয়েছে।
কাঠগড়ার একটিতে কামরুল দাঁড়ান, আরেকটিতে ছিল পাঁচটি অসুখের প্ল্যাকার্ড। সামনে ছিল কিছু মানুষ। কামরুল হাসান কাঠগড়ায় দাঁড়িয়ে বিএনপির গঠনতন্ত্র স্থগিতের দাবি জানান। এ সময় উপস্থিত লোকেরা হ্যাঁ বলেন। এরপর কামরুল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উচ্চ আদালত বসানোর দাবি জানালে লোকজন আবারও হ্যাঁ বলেন।
নিজেকে বিএনপি পুনর্গঠনের উদ্যোক্তা দাবি করে কামরুল হাসান বলেন, আগামী ৩৪ দিনের মধ্যে নয়াপল্টনে উচ্চ আদালত বসবে। সেখানে বিএনপি সম্পর্কে জনতা পরবর্তী রায় দেবেন।
প্রতীকী আদালত বসিয়ে এসব কর্মকাণ্ড চলাকালে উৎসুক মানুষজনকে হাসাহাসি করতে দেখা যায়। এ সময় প্রেসক্লাবের সামনে ও আশপাশে পুলিশের বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।