প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়াপারসন খালেদা জিয়াকে আলোচনায় বসানোর দাবিতে গণঅনশনে অংশ নিতে দেশপ্রেমিক রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছেন বিকল্পধারার সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। গতকাল সোমবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
বিবৃতিতে গণঅনশনের স্থান ও দিনক্ষণ সম্পর্কে কিছু বলা হয়নি। তবে গণঅনশন কর্মসূচিতে অংশ নিতে ইচ্ছুকদের বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নানের সঙ্গে (মোবাইল ফোন- ০১৮৩৩-৩১২৭২০) যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন বি. চৌধুরী।
বিবৃতিতে বি. চৌধুরী বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে দুই নেত্রীর সংলাপ ছাড়া সমাধানের আর কোনো পথ নেই। এ পরিপ্রেক্ষিতে আমি সাত দিনের মধ্যে সংলাপে বসার জন্য দুই নেত্রীর প্রতি আহ্বান জানিয়েছিলাম। এও বলেছিলাম, এ ব্যাপারে সরকারের দায়িত্বই মুখ্য। আরও বলেছিলাম, সাত দিন পর সাধারণ মানুষকে নিয়ে গণঅনশন করব।’