গণজাগরণ মঞ্চের আবেদন ফুরায়নি: ছাত্র ইউনিয়ন-ছাত্রফ্রন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণজাগরণ মঞ্চের আবেদন মুক্তিযুদ্ধ ও এর চেতনায় বিশ্বাসী সব মানুষের হৃদয়ে প্রোথিত। যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াত-শিবির নিষিদ্ধ করার দাবি বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বের সঙ্গে সম্পর্কিত। তাই এর আবেদন ফুরাতে পারে না।
আজ বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দুই সংগঠনের নেতারা অভিযোগ করেন, সরকার নিজেদের রাজনৈতিক স্বার্থে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার পরিবর্তে তাদের সঙ্গে সমঝোতা করেছে। লাখো কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার অনুষ্ঠানে জামায়াতনিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকের কাছ থেকে অনুদান নেওয়া, জামায়াতের নেতা-কর্মীদের আওয়ামী লীগে যোগ দেওয়া, জামায়াত-শিবির নিষিদ্ধ করা যাবে না বলে মন্ত্রীদের বক্তব্য দেওয়া, নয় মাসে মানবতাবিরোধী অপরাধের বিচারে কোনো মামলার রায় না দেওয়া—এ সবই সমঝোতার বহিঃপ্রকাশ বলে মনে করছে সংগঠন দুটি।
নেতারা বলেন, গণজাগরণ মঞ্চ সরকারের এসব সমঝোতার পথে বাধা হওয়ার কারণে এ মঞ্চকে হামলার মাধ্যমে বারবার উৎখাত করার চেষ্টা করা হয়েছে। সে চেষ্টায় ব্যর্থ হয়ে সরকার একে বিভক্ত করার চেষ্টা করছে। সরকারি দলের ক্যাডার ও তাদের সহযোগী নানা সংগঠনের মাধ্যমে গণজাগরণ মঞ্চের নাম ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চলছে।
গণজাগরণ মঞ্চে কোনো বিভক্তি নেই বলে দাবি করে দুই সংগঠনের নেতারা বলেন, যে সমঝোতার বিরুদ্ধে গণজাগরণ মঞ্চের যাত্রা শুরু হয়েছে, সেটা এখনো বিরাজমান। শাসকগোষ্ঠী কৌশলগত কারণে শুরুতেই মঞ্চের সঙ্গে বিরোধ না করলেও সমঝোতার পথকে প্রশস্ত করতে এখন মঞ্চকে রক্তাক্ত করছে বলে অভিযোগ করেন তাঁরা।
সাঈদীর রায়ের রিভিউ আপিল এবং জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার দাবিতে ২৬ সেপ্টেম্বর শুক্রবার গণজাগরণ মঞ্চের ঘোষিত সমাবেশ সফল করার আহ্বান জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ছাত্র ইউনিয়নের সভাপতি হাসান তারেক, সাধারণ সম্পাদক লাকি আক্তার, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি জনার্দন দত্ত, সাধারণ সম্পাদক ইমরান হাবিব রুমন প্রমুখ।