গণজাগরণ মঞ্চের এখন অ্যাপিল নেই: মেনন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশেদ খান মেনন
রাশেদ খান মেনন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, গণজাগরণ মঞ্চ নিয়ে মানুষের মধ্যে এখন আর কোনো আবেদন নেই। মঞ্চ এখন তিন ভাগে বিভক্ত।
আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর বিয়াম মিলনায়তনে বিবিসি বাংলাদেশ সংলাপে প্রশ্নোত্তরে সরকারের এই মন্ত্রী একথা বলেন। জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের পর শাহবাগে অবস্থান নেওয়া গণজাগরণ মঞ্চের ওপর পুলিশের হামলার বিষয়ে জানতে চাইলে তিনি একথা বলেন।
সাঈদীর রায়ের বিষয়ে রাশেদ খান বলেন, সুপ্রিম কোর্টের রায়ে তিনি বিস্মিত হননি। এর আগেও সুপ্রিম কোর্ট গোলাম আযমের মতো স্বাধীনতাবিরোধীকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়েছিল। অথচ এদেশের মানুষ এর ঘোর বিরোধিতা করেছিল। তিনি বলেন, এই রায়ের পর একটা নতুন শব্দ শিখেছি, সেটা হলো ‘আমৃত্যু কারাদণ্ড।’
অনুষ্ঠানের অন্য প্যানেল বক্তাদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেন, সাঈদীর রায়ের পর আওয়ামী লীগ-জামায়াত সমঝোতা হয়েছে কি না সেটা নিয়ে সন্দেহ ওঠে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, আগেও আওয়ামী লীগ-জামায়াত সমঝোতা হয়েছে। তাই এখন প্রশ্ন ওঠাটা যৌক্তিক। আরেক বক্তা শহীদ ড. এ এফ এম আলিম চৌধুরীর কন্যা নুজহাত চৌধুরী অবশ্য সরকারের সঙ্গে জামায়াতের আতাঁত উড়িয়ে দেন। তিনি বলেন, এই বিচারের বিষয়টি আওয়ামী লীগই এক নম্বর ইস্যু করেছে। বরং জামায়াত এই বিচারকে প্রশ্নবিদ্ধ করতে কাজ করছে।

আওয়ামী লীগ বিচারের ইস্যুতে সামনে আনেনি আসিফ নজরুলের এমন বক্তব্যের পর রাশেদ খান মেনন বলেন, আসিফ নজরুলের এখনকার অবস্থান ভিন্ন হওয়ায় তিনি একথা বলছেন। মন্ত্রীর এই কথার প্রতিবাদ করে আসিফ নজরুল বলেন, ‘কে বললো আমার অবস্থান ভিন্ন। বিচারের দাবিতে আমি একটি পত্রিকায় চারটি লেখা লিখেছি।’

গণভোটের মাধ্যমে বাংলাদেশের জটিল ইস্যুগুলোর সমাধান প্রশ্নে বক্তারা বলেন, এদেশের বাস্তবতায় এটা সহজ নয়।
মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির সঙ্গে যুক্ত সরকারী কর্মকর্তাদের চাকরিচ্যুত করা উচিত বলে মনে করেন মন্ত্রী রাশেদ খান মেনন। অন্য বক্তারাও চাকরিচ্যুত ও কঠিন শান্তির দাবি জানান।

বিয়ের বয়স কমানো উচিত বলে মনে করেন, রাশেদ খান মেনন, মাহবুবুর রহমান ও আসিফ নজরুল। নুজহাত বলেছেন, কম বয়সী মাতৃত্ব নানা জটিলতা তৈরি করে। তাই বর্তমানে যে বয়স আছে সেটা থাকতে পারে। তবে তিনি বলেন, কমালেও মহাভারত কিছু হয়ে যাবে না।
সংলাপ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বিবিসির আকবর হোসেন। আর প্রযোজনায় ছিলেন ওয়ালিউর রহমান।