গণজাগরণ মঞ্চের তিন দিনের কর্মসূচি
মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে গণজাগরণ মঞ্চের ইমরান এইচ সরকার-সমর্থিত অংশ। আজ বুধবার সন্ধ্যায় এক সমাবেশ থেকে ইমরান এইচ সরকারের পক্ষে ব্লগার আরিফ জেবতিক এ কর্মসূচির ঘোষণা দেন।
ইমরান এইচ সরকার জলকামানের আঘাতে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হওয়ায় সমাবেশে আসতে পারেননি। বিকেল পাঁচটা থেকে শুরু হওয়া এই সমাবেশে সভাপতিত্ব করেন ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী।
আজকের সমাবেশ থেকে নেওয়া কর্মসূচিগুলো হলো আজ রাত ১০টা পর্যন্ত জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি, আগামীকাল বৃহস্পতিবার বিকেল চারটায় শাহবাগসহ সারা দেশের সব জেলা-উপজেলা-পাড়া-মহল্লার গণজাগরণ মঞ্চে বিক্ষোভ সমাবেশ ও আগামী শুক্রবার বিকেল চারটায় কেন্দ্রীয়ভাবে শাহবাগে গণসমাবেশ ।