গণজাগরণ মঞ্চের সন্তুষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি আপিল বিভাগে বহাল থাকায় সন্তুষ্টি প্রকাশ করেছে গণজাগরণ মঞ্চ। মঞ্চের সংগঠকেরা জানিয়েছেন, রায় কার্যকর হলে পুরোপুরি সন্তুষ্ট হবে মুক্তিযুদ্ধের চেতনার এই প্রজন্ম।
কামারুজ্জামানের আপিলের রায়কে কেন্দ্র করে গতকাল সোমবার সকাল থেকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয় গণজাগরণ মঞ্চের দুই অংশ। আপিল বিভাগে ফাঁসির রায় বহালের প্রতিক্রিয়ায় মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সাংবাদিকদের বলেন, ‘এ রায়ে দেশবাসীর মতো গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরাও খুশি। তবে আমরা পুরোপুরি সন্তুষ্ট হব রায় কার্যকর হওয়ার পর।’ তিনি বলেন, ‘দেলাওয়ার হোসাইন সাঈদী ও গোলাম আযমের রায়ে আমাদের মাঝে যে হতাশা তৈরি হয়েছিল, এ রায়ে আমরা মনে করি সেই হতাশা কাটিয়ে উঠতে পারব।’ তিনি অবিলম্বে এ রায় কার্যকরের দাবি জানান।
মঞ্চের কামাল পাশা চৌধুরীর সমর্থক অংশটিও কামারুজ্জামানের রায় ঘোষণার পর আনন্দ মিছিল করে। তাঁদের বেশির ভাগ সংগঠক-কর্মী উৎসবের রঙিন পোশাক পরে মিছিলে অংশ নেন। তাঁরাও মিছিলে একটি বড় জাতীয় পতাকা বহন করেন। এই অংশে মহাজোট সরকারের অন্তর্ভুক্ত ছাত্রসংগঠনগুলোর নেতা-কর্মীরাও ছিলেন।