গণজাগরণের পাকিস্তান দূতাবাস ঘেরাওয়ে পুলিশের বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশান-২ নম্বরে পাকিস্তান দূতাবাস ঘেরাও কর্মসূচি পালনে পুলিশি বাধার মুখে পড়েছেন গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা।

আজ বুধবার বেলা সোয়া তিনটার দিকে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের নেতৃত্বে নেতা-কর্মীরা গুলশান-২ নম্বর চত্বর থেকে পাকিস্তান দূতাবাসের দিকে যেতে চাইলে পুলিশ তাঁদের বাধা দেয়। পুলিশ ইমরান এইচ সরকারকে নেতা-কর্মীদের নিয়ে ওই স্থান ত্যাগ করতে বলেন। এ সময় দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডার ঘটনা ঘটে।

পরে গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা কামাল আতাতুর্ক সড়কের পানির ট্যাংকের দিকে গিয়ে সমবেত হন। এ সময় ইমরান এইচ সরকার সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, যাদের জঙ্গিদের দমন করার কথা, তারাই জঙ্গিবাদী কর্মকাণ্ড যারা করে তাঁদের রক্ষা করছে। কারণ, বাংলাদেশে সব ধরনের জঙ্গিবাদী কার্যক্রম পরিচালিত হয় পাকিস্তান দূতাবাসের মদদ ও অর্থায়নে। তিনি আরও অভিযোগ করেন, বাধা দেওয়ার পাশাপাশি পুলিশ সোহেল ও রিয়াজ নামে মঞ্চের দুই কর্মীকে আটক করে নিয়ে গেছে।

পাকিস্তান দূতাবাস ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর গুলশান-২ নম্বর চত্বর এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। ২ নম্বর চত্বর থেকে দূতাবাসের দিকে যাওয়ার রাস্তায় যানবাহন ঢুকতে দেওয়া হয়নি। ওই এলাকায় পুলিশের পাশাপাশি সাঁজোয়া যান ও প্রিজন ভ্যানও রাখা হয়েছে। এ ছাড়া ২ নম্বর চত্বরের আশপাশের ভবনগুলোর ছাদেও নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।