মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য আরেকটি সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। তিনি বলেন, ‘বিজয় অর্জনের ৪৪ বছর পরও গণতন্ত্র, ভোটাধিকার, বাক্স্বাধীনতা ও স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চেয়ে সংগ্রাম করতে হচ্ছে। আসলে বর্তমান স্বৈরাচারের বিরুদ্ধে এই সংগ্রামে জয়লাভ করতে পারলেই রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা অর্থবহ হবে।’
মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল বুধবার বিকেলে নগরের সাগরিকা মোড়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন চট্টগ্রাম নগর বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে আবদুল্লাহ আল নোমান এ কথা বলেন।
আবদুল্লাহ আল নোমান দাবি করে, ‘মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী ও খেতাবধারী সংখ্যাগরিষ্ঠ মুক্তিযোদ্ধা বিএনপি করেন।’ তিনি বলেন, গণ-আন্দোলন কখনো ব্যর্থ হয় না। তবে অনেক সময় দীর্ঘায়িত হয়।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহশ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন নগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার, শ্রমিক দল নেতা নুরুল্লাহ বাহার প্রমুখ।
শোভাযাত্রায় বিএনপির নেতা-কর্মীরা জাতীয় পতাকা, জিয়া ও খালেদা জিয়ার ছবি এবং ধানের শীষ প্রতীক হাতে নিয়ে অংশ নেন।