গণতন্ত্র ধ্বংস করতে ইসি কঠোর হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণতন্ত্র ধ্বংস ও ভোটাররা যাতে কেন্দ্রে যেতে না পারেন, সে জন্য নির্বাচন কমিশন (ইসি) কঠোর হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

গতকাল সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এ কথা বলেন।

রিজভীর অভিযোগ, ‘আগে ভোট ডাকাতি করত আওয়ামী সন্ত্রাসী ও নির্বাচনী কর্মকর্তারা। এবার প্রধানমন্ত্রীর কঠোর হওয়ার নির্দেশের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও ভোট ডাকাতিতে অংশ নিয়েছেন। ভোটাররা ভোট দেওয়ার জন্য কেন্দ্রে দাঁড়িয়ে কাঁদে, ভোট দেয় সন্ত্রাসী ও নির্বাচনী কর্মকর্তারা।’

তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে ৪৮টি জেলার ৬১৪টি ইউনিয়নের ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় সংঘাত ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন বলে বিএনপির এই নেতা দাবি করেন। তিনি বলেন, অর্ধশতাধিক লোক গুলিবিদ্ধ হন। আগের মতোই তৃতীয় ধাপের নির্বাচনেও বিএনপির এজেন্টদের বের করে দেওয়া, ভোটারদের ভোট দিতে বাধা, অস্ত্রের মহড়া, হামলা ও নিরুপায় হয়ে প্রার্থীদের ভোট বর্জনের চিত্র ছিল একই। জাল ভোট দেওয়া ও অনিয়মের অভিযোগে ক্ষমতাসীন দলের অর্ধশতাধিক নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। অনিয়মের আশ্রয় নেওয়ায় এক প্রিসাইডিং কর্মকর্তাকে গ্রেপ্তার এবং দুই সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে আটক করা হয়। সকাল আটটায় ভোট শুরু হওয়ার কথা থাকলেও অনেক কেন্দ্রে ভোট শুরু হয়ে যায় আগের রাতে।