গণতন্ত্র না থাকলে দেশে জঙ্গিবাদ ও উগ্রবাদের উত্থান হবে: মওদুদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, গণতন্ত্র না থাকলে দেশে জঙ্গিবাদ ও উগ্রবাদের উত্থান হবে। এ অবস্থা বাংলাদেশের মানুষের জন্য মঙ্গলজনক হবে না। তিনি বলেন, সব রাজনৈতিক দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সঠিক নেতৃত্ব বেছে নিতে হবে।
গতকাল শুক্রবার নোয়াখালীর কবিরহাট উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মওদুদ আহমদ।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বর্তমান সরকারের স্থিতিশীলতা নেই। একজন অবসরপ্রাপ্ত বিচারপতি দেশের প্রধান বিচারপতি সম্পর্কে যে ভাষায় কথা বলছেন, এই ভাষা পরিহার করা উচিত। তাঁর প্রশ্ন, সরকার কেন ওই বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি।
বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের সকল পর্যায়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। ধৈর্য ধারণ করতে হবে। আরও সহনশীল হতে হবে। কিন্তু সরকার সহনশীল না হয়ে বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।’
কবিরহাট পৌর মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির নেতা ফোরকানে আলম, মোহাম্মদ ইলিয়াছ, ফখরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মাহমুদুর রহমান, জিয়াউল হক, আবু বাহার প্রমুখ।