গভীর সংকটে পড়া গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত বিএনপি আন্দোলন চালিয়ে যাবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। গতকাল শুক্রবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের যৌথ সভায় তিনি এ কথা বলেন।
৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ যৌথ সভা হয়। মওদুদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
মওদুদ আহমদ বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের ঘোষণা ও ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসা জিয়াউর রহমানের নাম যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষ স্মরণ রাখবে। তিনি বলেন, ‘শহীদ জিয়ার সুপ্রতিষ্ঠিত গণতন্ত্র ফিরে না আসা পর্যন্ত দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’
কর্মসূচি ঘোষণা: সভার শুরুতে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পক্ষকালব্যাপী কর্মসূচি সাংবাদিকদের কাছে তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, ৩০ মে মৃত্যুবার্ষিকীতে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে খালেদা জিয়ার নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল, স্বেচ্ছায় রক্তদান ও রাজধানীতে তিন দিন দুস্থদের মধ্যে খাবার বিতরণ।
২৮ মে বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে।
১৯৮১ সালের ৩০ মে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামে এক সেনা অভ্যুত্থানে নিহত হন। মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক জিয়ার মৃত্যুদিবসকে ‘শাহাদাত দিবস’ হিসেবে পালন করে আসছে বিএনপি।
যৌথ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আজম খান, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, শামীমুর রহমান, আসাদুল করীম, অঙ্গসংগঠনের ইশতিয়াক আজিজ উলফাত, আনোয়ার হোসাইন, নূরী আরা সাফা, শিরিন সুলতানা, এম এ মালেক, মনির হোসেন, এম এ তাহের, তকদির হোসেন মো. জসিম, হাফেজ আবদুল মালেক প্রমুখ।