গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বিএনপি।
গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, ‘একুশের শহীদেরা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় জীবন দিয়েছিলেন। একুশের চেতনার যে গণতন্ত্র, তা হারিয়ে গেছে। আমাদের প্রতিজ্ঞা, তা পুনরুদ্ধারে আমরা সংগ্রাম চালিয়ে যাব। বিজয় অর্জন না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।’
ক্ষমতাসীন আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, একুশের চেতনা ছিল গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার, মুক্তিযুদ্ধের চেতনাও ছিল গণতন্ত্র। আজ দেশকে গণতন্ত্রহীন রেখে ক্ষমতাসীনেরা শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করেছে।
গতকাল সকালে মির্জা ফখরুল ইসলাম বিএনপির জ্যেষ্ঠ নেতাদের নিয়ে আজিমপুরে ভাষাশহীদদের কবরে যান। পরে বলাকা সিনেমা হলের সামনে থেকে নেতা-কর্মীদের নিয়ে প্রভাতফেরি করে শহীদ মিনারে আসেন।