গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি পৌর নির্বাচন করছে: ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘প্রতিকূল পরিবেশ’ সত্ত্বেও তাঁর দল আসন্ন পৌরসভা নির্বাচনে অংশ নিচ্ছে। দেশে ‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ আন্দোলনের অংশ হিসেবে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপি।
আজ রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এ কথা বলেন। ১ ডিসেম্বর জামিনে মুক্তি পাওয়ার তিনি এই প্রথম দলের কেন্দ্রীয় কার্যালয়ে গেলেন।
৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় পৌর নির্বাচনে বিএনপির অংশ নেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরেন মির্জা ফখরুল। নির্বাচনে যাওয়ার পক্ষে বিএনপির সিদ্ধান্তকে সঠিক উল্লেখ করে তিনি বলেন, বিএনপি একটি উদার রাজনৈতিক দল। এই দল নির্বাচনী প্রক্রিয়াকেই রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পথ বলে বিশ্বাস করে।
মির্জা ফখরুল বলেন, যদিও স্থানীয় নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হবে না, কিন্তু এই নির্বাচন ‘গণতন্ত্রকে স্থিতিশীল করার একটি সুযোগ’। পৌর নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে জনগণের আস্থা ফিরে আসবে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তারের বিষয়ে মির্জা ফখরুল বলেন, দলের নেতা-কর্মী এমনকি মনোনীত মেয়র প্রার্থীকেও গ্রেপ্তার করা হচ্ছে। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ‘এত প্রতিকূল পরিবেশের মধ্যেও জনগণের অধিকার রক্ষা এবং গণতন্ত্রের স্বার্থে বিএনপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।’ তিনি আশা প্রকাশ করে বলেন, যদি ভোটারেরা সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন এবং নির্বাচন যদি নিরপেক্ষ হয়, তাহলে তার দল ভালো ফল করবে। তিনি জানান, নির্বাচনী প্রচারাভিযানে বিএনপির মূল স্লোগান হবে, ‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা’।