গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চলছে: ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে এখন গণতন্ত্র অনুপস্থিত। গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই চলছে, ভবিষ্যতে লড়াই আরও তীব্রতর হবে।
ঢাকা থেকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী একটি দল। যে দলটি পরমতকে সব সময় শ্রদ্ধা করে। অথচ দেশে আজ অরাজক পরিস্থিতি চলছে, যা থেকে উত্তরণ জরুরি হয়ে পড়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি অসুস্থ, চিকিৎসার জন্য বিদেশে ছিলাম। আবার যাব। কিন্তু আন্দোলন থেমে থাকবে না, চলবে।’
এর আগে মির্জা ফখরুল ইসলামকে বিমানবন্দরে সৈয়দপুর পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকার ফুল দিয়ে অভ্যর্থনা জানান। এ সময় আশপাশের এলাকা থেকে আসা দলের কয়েক হাজার নেতা-কর্মী মিছিল সহকারে তাঁকে অভিনন্দন জানান।