গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে সুষ্ঠু নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। গতকাল রোববার পিরোজপুর শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মিলনায়তনে সুজন আয়োজিত ‘বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ও নাগরিক ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বদিউল আলম মজুমদার বলেন, ২০০৭ সালে নির্বাচন ব্যবস্থার অনেক সংস্কার হয়েছিল। সদ্য বিদায়ী নির্বাচন কমিশনের আমলে সেই ব্যবস্থা ভেঙে পড়ে। এতে গণতান্ত্রিক ব্যবস্থা অকার্যকর হয়ে পড়েছে।
‘গণতন্ত্র ও উন্নয়ন একটি আরেকটির বিকল্প হতে পারে না’ বলে মন্তব্য করে সুজন সম্পাদক বলেন, যে দেশে গণতন্ত্র থাকে না, সে দেশে মৌলবাদ ও উগ্রবাদের সৃষ্টি হয়। দেশে খুন বেড়ে গেছে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে। এসব গণতন্ত্রের জন্য ইতিবাচক নয়।
দুই-তৃতীয়াংশ সাংসদ ব্যবসায়ী—এ কথা উল্লেখ করে বদিউল আলম বলেন, ক্রমান্বয়ে রাজনীতি ব্যবসায়ীদের দখলে চলে যাচ্ছে। ভবিষ্যতে সৎ মানুষের রাজনীতি করার সুযোগ থাকবে না।
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়ক দিলীপ সরকার, পিরোজপুর জেলা শাখার সভাপতি নাসিম আলী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাইদুর রহমান প্রমুখ।