গণতন্ত্র ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে খুলনা ও বরিশালে পালিত হলো ‘বিপ্লব ও সংহতি দিবস’। এ উপলক্ষে গতকাল শনিবার আলোচনা সভা ও সমাবেশ করেছে বিএনপি। আমাদের সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিদের পাঠানো খবর:
খুলনা: গতকাল জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) খুলনা মহানগর ও জেলা শাখা।
সভায় বক্তারা বলেন, চরম সংকটে পড়েছে দেশ। এ পরিস্থিতিতে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষা এবং অবরুদ্ধ গণতন্ত্র মুক্ত করতে বিভেদ ভুলে জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী সব শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।
তাঁরা অভিযোগ করেন, ৫ জানুয়ারির একদলীয় নির্বাচনের পর থেকে সরকার চূড়ান্ত দমননীতি গ্রহণ করেছে। হাজার হাজার মিথ্যা ও বানোয়াট মামলায় বিএনপির নেতা-কর্মীরা এখন কারাগারে। সেই সঙ্গে এক ব্যক্তিকে মহানায়ক বানাতে গিয়ে তারা ইতিহাসের সব সত্যকে জলাঞ্জলি দিচ্ছে। সরকারের মিথ্যাচারের বিরুদ্ধে তাই জাতীয়তাবাদে বিশ্বাসী পেশাজীবী ও বুদ্ধিজীবীদের সোচ্চার হতে হবে।
বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর কমিটির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য এম নুরুল ইসলাম, সাবেক সাংসদ কাজী সেকেন্দার আলী প্রমুখ।
বরিশাল: বিকেল চারটায় নগরের অশ্বিনী কুমার হলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশের আয়োজন করে মহানগর বিএনপি। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশে গণতন্ত্র নেই। তাই গণতন্ত্র ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ হতে হবে।
সমাবেশে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান সরোয়ার বলেন, ৫ জানুয়ারি আওয়ামী লীগ সরকার মানুষের ভোট কেড়ে নিয়েছে। দেশে গণতন্ত্র না থাকলে জঙ্গিবাদ সৃষ্টি হয়। পুলিশ হত্যা, ব্লগার হত্যা হচ্ছে। বিদেশি নাগরিক হত্যা হচ্ছে। এটা সবই গণতন্ত্রহীনতা। এসব হত্যার বিচার চাইলে তাঁদের ওপর অত্যাচার-নির্যাতন হয়।
সমাবেশে অন্য বক্তারা বলেন, সারা দেশে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে সাড়ে ২১ হাজার মামলা করা হয়েছে। হামলা-মামলা করে বিএনপিকে নিশ্চিহ্ন করা যাবে না। কোনো স্বৈরাচার সরকার দীর্ঘদিন থাকতে পারেনি। এই সরকারও টিকতে পারবে না। সব বিরোধী দলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলতে হবে।
মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক সাংসদ আবুল হোসেন খান, জেলা বিএনপির (উত্তর) সভাপতি সাবেক সাংসদ মেজবাহউদ্দিন ফরহাদ, মহানগরের সহসভাপতি মনিরুল হাসান প্রমুখ।