গণতন্ত্র ফিরিয়ে দিন, জঙ্গিবাদ চলে যাবে: মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, আওয়ামী লীগের একার পক্ষে জঙ্গিবাদ দমন করা সম্ভব হবে না। আজ বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে মওদুদ বলেন, ‘গণতন্ত্রকে ফিরিয়ে দিন, জঙ্গিবাদ এমনিতেই চলে যাবে। আহ্বান করে কাজ হবে না, উচিত হবে উদ্যোগ গ্রহণ করা। সরকারকেই সে উদ্যোগ নিতে হবে। যদি মনে করে থাকেন, জঙ্গিবাদ নিয়ে রাজনৈতিক ফায়দা নেবেন, তাহলে অন্য কথা।’
বিএনপির এই নেতা বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশন ইতিমধ্যে তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে। তা না হলে আওয়ামী লীগ নেতারা ও প্রধানমন্ত্রী যেভাবে উন্নয়নের কথা বলে ভোট চেয়ে বেড়াচ্ছেন, যদি নির্বাচন কমিশন নিরপেক্ষ হতো, তাহলে ভোট চাইতে নিষেধ করতেন। অন্যথায় বিএনপিকেও নির্বাচনী প্রচারণায় সমান সুযোগ দিতেন।’
মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।
দুপুরে রাজধানীর কচি-কাঁচার মেলা মিলনায়তনে পৃথক আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন একের পর এক জঙ্গি তৎপরতার ঘটনা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার পর সরকার দাবি করেছিল, তারা জঙ্গি নির্মূল করতে সক্ষম হয়েছে। এখন প্রশ্ন, তাহলে জঙ্গিবাদের একটি ঘটনা শেষ না হতেই আরেকটি ঘটনা কীভাবে হচ্ছে? জনগণ বলাবলি শুরু করেছে যে ভারত সফর সামনে রেখে প্রধানমন্ত্রী এগুলো করছেন কি না। অনেকে আজকে সন্দেহের চোখে দেখছেন।’
প্রধানমন্ত্রীর ভারত সফরে প্রতিরক্ষা চুক্তির কথা উল্লেখ করে খন্দকার মোশাররফ বলেন, ‘বাংলাদেশের তিন দিক থেকেই ভারত আমাদের প্রতিবেশী। তাহলে আমাদের প্রতিরক্ষা হুমকির সম্মুখীন হয়ে পড়েছে কোন দিক থেকে?প্রধানমন্ত্রী এখনো অবহিত করেননি। তা ছাড়া আমাদের যদি স্বাধীন-সার্বভৌম হিসেবে নিজেদের রক্ষা করার সামর্থ্য থাকে, তাহলে অন্য দেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করা কিসের প্রয়োজন?’
স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এর আয়োজন করে। সংগঠনের সভাপতি শফিউল বারীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া প্রমুখ।