কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘বিএনপি নির্বাচন নিয়ে এখন কথা বলতে চায়। কিন্তু কী কারণে আপনাদের সাথে কথা বলতে হবে? নির্বাচনে আসতে চাইলে আসবেন, না আসলে নাই। আমাদের পক্ষ থেকে রাস্তা সব সময় খোলা আছে। নতুন নির্বাচন কমিশন গঠন হবে। রাষ্ট্রপতি তা করবেন। নির্বাচনে আপনি (খালেদা জিয়া) আসবেন নিজের দরদে। গণতন্ত্র মানলে নির্বাচনে আসতে হবে। না আসলে আপনার দলের রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে। এটা আপনি নিজেও জানেন।’
গতকাল বুধবার সকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গোজাকুড়া হাতেমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে কম্বল ও উদ্দীপনার টাকা বিতরণকালে সংক্ষিপ্ত আলোচনা সভায় মন্ত্রী ওই সব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আপনি (খালেদা জিয়া) তো মাছ খান না, মাছের ঝোল খান। আপনি জাতীয় নির্বাচন করলেন না। কিন্তু উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন করলেন। তাই আপনার মাছের ঝোল খাওয়ার জন্য জাতি আর পেরেশানি হতে রাজি না। একই সাথে পরিষ্কার করে বলতেই চাই, রাষ্ট্রপতি যে নির্বাচন কমিশন গঠন করবেন তাঁর অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে।’ মন্ত্রী আরও বলেন, ‘গত নির্বাচনে অংশগ্রহণ না করে আপনি ভুল করেছেন। একটা কথা বলি, ডাক্তার যখন ভুল করে তখন রোগী মারা যায়। আর নেতা যখন ভুল করেন, তখন পার্টি ছেড়াবেড়া হয়ে যায়। আপনি ভুল করছেন, তাই আপনার পার্টি ছেড়াবেড়া হয়ে গেছে। আর এটার জন্য কেউ দায়ী নয়, দায়ী শুধু আপনি, আপনি এবং আপনি। তবে যদি মনে করে থাকেন আইএস আপনাদের ক্ষামতায় বসিয়ে দিবে, তাহলে ভুল করছেন। আইএস কখনোই আপনাদের ক্ষমতায় বসাবে না।’
মন্ত্রী বলেন, বাংলাদেশে মানুষ খেয়ে-পরে সুখেই আছে। তবে অসুখে আছে একজন। তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। তাঁর মনে সুখ নেই। তিনি ৯২ দিন মানুষ পুড়াইছেন।
কৃষিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ নিম্ন মধ্যবিত্ত দেশে পরিণত হয়েছে। ২০২১-এর আগে আমাদের দেশ মধ্যবিত্তে পরিণত হবে। কৃষি, ব্যবসা-বাণিজ্যসহ সব কিছুতেই দেশের নাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। এখন আমরা শুধু কৃষির জন্য পদকই পাই না, আমরা খাদ্যেও স্বয়ংসম্পূর্ণ। শুধু স্বয়ংসম্পূর্ণই না, আমাদের খাদ্যে কিছুটা উদ্বৃত্ত আছে। নেপালের ভূমিকম্পে, শ্রীলঙ্কার বন্যার সময় আমরা সহযোগিতা পাঠিয়েছি।’
কৃষিমন্ত্রী উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৯৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৩৭ জন শিক্ষার্থীর মধ্যে কম্বল ও ২২০ শিক্ষার্থীকে ১ লাখ ১০ হাজার টাকা উদ্দীপনা হিসেবে দেন। এ সময় জেলা প্রশাসক (ডিসি) এ এম পারভেজ রহিম, পুলিশ সুপার (এসপি) রফিকুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সাল্লাহউদ্দিন সিকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুখলেছুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জিয়াউল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান আজমতারা আজমা ও পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিকসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।