গণতন্ত্র মানেই সমান অধিকার নয়: ইনু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘গণতন্ত্র মানেই সবার সমান অধিকার নয়। তাহলে গণতন্ত্রে কারাগার থাকত না, আইন-কানুন, বিচারালয় থাকত না। গণতন্ত্রের নামে অপরাধী আর অপরাধীর দ্বারা ক্ষতিগ্রস্তকে এক পাল্লায় মাপা যায় না।’

আজ বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ ড. শামসুজ্জোহা স্মারক বক্তৃতা-২০১৬ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দিবস হিসেবে এই বক্তৃতার আয়োজন করা হয়।

ঊনসত্তরের গণঅভ্যুত্থানকালে এই দিনে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক ড. শামসুজ্জোহা প্রক্টরের দায়িত্ব পালনকালে পাকিস্তানের সেনাদের গুলিতে নিহত হন। তিনিই এ দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী। দিনটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘শিক্ষক দিবস’ হিসেবে পালিত হয়।

‘বাংলাদেশের গণতন্ত্রকে জঞ্জালমুক্ত করতে হবে’ শিরোনামের বক্তৃতায় হাসানুল হক ইনু আরও বলেন, বাংলাদেশে গণতন্ত্র নিয়ে সব পর্যায়ে প্রায় প্রতি মুহূর্তেই আলোচনা, তর্ক, গবেষণা, বিচার-বিশ্লেষণ চলছে। কারণ বাঙালির ভাষার সংগ্রাম, স্বাধিকারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম মূলত গণতান্ত্রিক সংগ্রাম। স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠাও গণতন্ত্রের জন্য সংগ্রামেরই পরিণতি। স্বাধীন বাংলাদেশেও নির্বাচিত সরকারের স্বৈরাচারী প্রবণতা কিংবা সামরিক স্বৈরতন্ত্রের বিরুদ্ধেও গণতন্ত্রের জন্য জাতি বারবার সংগ্রাম করেছে। তাই বাংলাদেশে গণতন্ত্র নিয়ে আলোচনা হবেই।

রসায়ন বিভাগের সভাপতি অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন। এ ছাড়া সহউপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান ও কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ বক্তব্য দেন। বক্তারা শহীদ শামসুজ্জোহার আত্মত্যাগের এই দিনটিকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে ঘোষণার জন্য সরকারের কাছে দাবি জানান।

দিবসটি উপলক্ষে ভোরে প্রশাসন ভবনসহ অন্যান্য ভবনে কালো পতাকা উত্তোলন করা হয়। সকালে উপাচার্য, সহউপাচার্য, কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শহীদ জোহার সমাধি ও জোহা স্মৃতিফলকে পুষ্পস্তবক দেন ও এক মিনিট নীরবতা পালন করেন। এরপর রসায়ন বিভাগ ও শহীদ শামসুজ্জোহা হল, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগসহ বিভিন্ন ছাত্রসংগঠনসহ অন্যান্য আবাসিক হল, বিভিন্ন বিভাগ, পেশাজীবী সমিতি ও ইউনিয়ন পুষ্পস্তবক অর্পণ করে। এ ছাড়া বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন খানি ও বিশেষ মোনাজাত, বিকেলে শহীদ শামসুজ্জোহা হলে আলোচনাসভা ও প্রদীপ প্রজ্বালন কর্মসূচি পালন করা হয়।