গণতন্ত্র শক্তিশালী না হওয়ায় জঙ্গিবাদ-সন্ত্রাস মাথাচাড়া দিয়ে উঠছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে গণতন্ত্র শক্তিশালী না হওয়ায় জঙ্গিবাদ-সন্ত্রাস মাথাচাড়া দিয়ে উঠছে। তাই গণতন্ত্রকে শক্তিশালী করা ছাড়া বিকল্প কিছু নেই। গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে সবার আগে রাজনীতিকে শক্তিশালী করতে হবে। নাগরিকদের কথা বলার সাহস নিশ্চিত করতে হবে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এ মতামত দিয়েছেন। গতকাল শনিবার বিকেলে সিলেট সিটি করপোরেশনের সম্মেলনকক্ষে মতবিনিময় সভা হয়।
সভার শুরুতে সুজনের কেন্দ্রীয় সম্পাদক বদিউল আলম মজুমদার ‘রাজনৈতিক সংকটের টেকসই সমাধানের লক্ষ্যে জাতীয় সনদ’ পাঠ করে অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করেন। সভায় রাজনৈতিক দল, পেশাজীবী, সাংস্কৃতিক, সামাজিক সংগঠনের নেতারা, গণমাধ্যমের প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা অংশ নেন।
বদিউল আলম মজুমদার রাজনীতিকে শক্তিশালী করতে নির্বাচনকালীন সরকার, নির্বাচনকালীন ব্যবস্থা, নির্বাচন-পরবর্তী সরকারের করণীয় সম্পর্কে লিখিত বক্তব্য উপস্থাপন করেন। নির্বাচনকালীন সরকার সম্পর্কে বলা হয়, দলীয় প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক জাতীয় নির্বাচন করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনকালীন সরকার সম্পর্কে একটি সমঝোতা হওয়া জরুরি। নির্বাচনকালীন ব্যবস্থা সম্পর্কে বলা হয়, রাজনৈতিক অঙ্গনকে কলুষমুক্ত করতে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের যোগ্যতা-অযোগ্যতার মানদণ্ড আরও কঠোর করতে হবে। এ ছাড়া নির্বাচন-পরবর্তী ব্যবস্থা সম্পর্কে ১৫টি প্রস্তাব উপস্থাপন করা হয়।
সুজন সিলেট চ্যাপ্টারের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় মতবিনিময় সভায় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কামাল আহমদ চৌধুরী, তাহমিনা ইসলাম, জুবেদা কনক খান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, প্রবীণ রাজনীতিবিদ সৈয়দ আশরাফ আহমদ, মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট প্রেসক্লাব ফাউন্ডেশনের সভাপতি আল-আজাদ, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্তসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা বক্তব্য দেন।
গণতন্ত্র হুমকির মুখে উল্লেখ করে বদিউল আলম মজুমদার বলেন, উগ্রবাদীদের কারণে দেশের গণতন্ত্র হুমকির মুখে। রাজনৈতিক স্বার্থান্বেষী মহল আর উগ্রবাদীদের কারণে দেশে গুম, খুন, অপহরণ, নারী নির্যাতন প্রতিনিয়ত ঘটছে। এ অবস্থা থেকে উত্তরণের পথ তৈরি করতে নাগরিকদের সচেষ্ট হতে হবে।
কর্মপরিকল্পনা সভা: মতবিনিময় সভার আগে সুজনের ‘২০১৬ সালের কর্মপরিকল্পনা’ নিয়ে সভা হয়। ‘সচেতন সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ শীর্ষক কর্মপরিকল্পনা সভায় সভাপতিত্ব করেন ফারুক মাহমুদ চৌধুরী। সভা সঞ্চালনা করেন সুজন কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক দিলীপ কুমার সরকার। স্বাগত বক্তব্য দেন সুজন সিলেটের সাধারণ সম্পাদক সৈয়দ জিয়াউস শামস।
কর্মপরিকল্পনা সভায় সুজন সিলেট জেলা শাখার সহসভাপতি আজিজ আহমদ সেলিম, কার্যনির্বাহী সদস্য তাহমিনা ইসলাম, রমেন্দ্র কুমার বড়ুয়া, সুজন বিয়ানীবাজার শাখার আহ্বায়ক শাহাব উদ্দিন মওলা, বিশ্বনাথ শাখার ভারপ্রাপ্ত সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মধু মিয়া, শ্রীমঙ্গল শাখার কার্যনির্বাহী সদস্য এস এ হামিদ বক্তব্য দেন।