গণতন্ত্রবিরোধীদের বিরুদ্ধে অবস্থানের প্রতিশ্রুতি জাসদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণতন্ত্রবিরোধী অপশক্তির বিরুদ্ধে সাংবিধানিক ধারায় ঐক্যবদ্ধ রাজনৈতিক সংগ্রাম অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনরুল্লেখ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের স্থায়ী কমিটির প্রতিনিধিরা। আজ মঙ্গলবার জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের স্থায়ী কমিটির সভায় এ প্রতিশ্রুতি দেন প্রতিনিধিরা। 
সভায় সভাপতিত্ব করেন জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সভায় শরীফ নূরুল আম্বিয়া, শিরীন আকতার, নাজমুল হক প্রধান, ইকবাল হোসেন খান, লুৎ​ফা তাহের, মীর হোসাইন আখতার প্রমুখ উপস্থিত ছিলেন। আজ জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
সভায় বলা হয়, পুলিশ পাহারা তুলে নেওয়ার পরও অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ও অব্যাহত মানুষ হত্যা-জ্বালাও-পোড়াও-সন্ত্রাসের ঘটনা গণতন্ত্রের প্রশ্নে খালেদা জিয়ার অবস্থান অস্বচ্ছ এবং ধূম্রজাল সৃষ্টি করেছে। খালেদা জিয়া অসাংবিধানিক পথেই হাঁটছেন। সভার প্রতিনিধিরা সব ধরনের অপশক্তিকে সম্পূর্ণ পরিত্যাগ করে জনগণের আস্থা অর্জনের জন্য খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান।
সভায় বিদ্যমান পরিস্থিতিতে অবরোধে পেট্রলবোমায় দগ্ধ হয়ে যে ২৭ জন সাধারণ মানুষ মারা গেছেন এবং দেশব্যাপী যে ভীতিকর অবস্থা তৈরি হয়েছে তার জন্য খালেদা জিয়াকে দায়ী করা হয়। খালেদা জিয়া যে গ্রহণযোগ্য নির্বাচনের দাবি করছেন তার জন্য তাঁকে বিদ্যমান সংবিধান মেনেই সমাধান খোঁজারও আহ্বান জানানো হয়।
আগামী ২১ মার্চ কেন্দ্রীয় সম্মেলন ও কাউন্সিল হবে বলে সভায় সিদ্ধান্ত হয়।