
সরকারকে হতে হবে উদার
বদরুদ্দোজা চৌধুরী, সভাপতি, বিকল্পধারা
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনড় অবস্থান প্রকাশ পেয়েছে। সব পক্ষই যদি অনড় অবস্থান ধরে রাখে, তাহলে অচলাবস্থার সৃষ্টি হবে। গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আমরা এই অচলাবস্থা চাই না। এ ক্ষেত্রে সরকারকে উদার মনোভাবাপন্ন হতে হবে। ‘নাকে খত’ দেওয়া রাজনৈতিক শালীন শব্দ নয়। এসব শব্দ ব্যবহার না করাই মঙ্গল।
বাংলাদেশের মানুষ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে অভ্যস্ত। অতীতে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হয়েছে। টুকটাক প্রশ্ন উঠলেও দেশে ও সারা বিশ্বে তা গ্রহণযোগ্য হয়েছে। ২০১৪ সালের নির্বাচনটা বিপদ তৈরি করেছে। আশা করি সরকার ভুল বুঝতে পারবে। ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী নির্বাচনটা সবার অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার পরিবেশ তৈরিতে মনোযোগ দেবে। এর জন্য সরকারকেই প্রথম ত্যাগ স্বীকার ও সংলাপ শুরু করতে হবে।
সংলাপ শুরুর প্রাথমিক উদ্যোগ হিসেবে সব রাজনৈতিক দলকে অবাধে সভা-সমাবেশ করার সুযোগ দিতে হবে। এসব কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বও সরকারের। সরকার অবাধে সভা-সমাবেশ করছে। অন্যরা করতে গেলেই অনুমতি নেওয়ার প্রশ্ন আসে। আমি মনে করি বিশেষ কারণ ছাড়া সভা-সমাবেশের জন্য অনুমতির ব্যবস্থা রাখাই উচিত নয়।
রাজনৈতিক কর্মসূচির পথ খোলার পর কার্যকর সংলাপের জন্য সরকারের পক্ষ থেকে একটা ঘোষণা আসতে পারে। ২০১৪ সালের নির্বাচনের আগে স্বরাষ্ট্র, জনপ্রশাসনসহ পাঁচটি মন্ত্রণালয় বিরোধী দলকে দেওয়ার যে প্রস্তাব এসেছিল, সেটা পুনরুজ্জীবিত করতে পারে সরকার। এই প্রস্তাবটা সরকার পুনরুজ্জীবিত করলে সুষ্ঠু নির্বাচনের জন্য আলোচনার দাবি অনেক দূর এগোতে পারে।
আগামী নির্বাচন গ্রহণযোগ্য করতে হলে নির্বাচনকালীন সরকার নিরপেক্ষ হতে হবে অথবা ওই সরকার যাতে নিরপেক্ষ দায়িত্ব পালন করতে পারে—এমন একটা পদ্ধতি বের করতে হবে। নির্বাচন কমিশন যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, এমন পরিবেশ তৈরি করতে হবে।
দুর্নীতির বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে এসেছে। কেউ দুর্নীতি করে থাকলে সেটা সরকার খুঁজে বের করুক। আমাদের অভিজ্ঞতা হচ্ছে, যে দল সরকারে যায়, তাদের মধ্যেই দুর্নীতি মহামারি আকার ধারণ করে। এটা অতীতেও হয়েছে। আমি মনে করি, সরকারের লোকজন দুর্নীতি না করলে ৮০ শতাংশ দুর্নীতি বন্ধ হয়ে যাবে।
আমরা একটি যুক্তফ্রন্ট গঠন করেছি। আমরা মানুষের কাছে যাব। তাদের দুর্নীতিমুক্ত ও জীবনের নিশ্চয়তা আছে—এমন সমাজ উপহার দেওয়ার কথা বলব। এর আগে সুষ্ঠু পরিবেশটা চাই।

শর্ত মেনে আলোচনা হতে পারে না
রাশেদ খান মেনন, সভাপতি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি
বিএনপির যে বক্তব্য বা দাবি, তা সব ধরনের আলোচনার সুযোগ বা সম্ভাবনাকে নাকচ করে দিচ্ছে। নির্বাচনের ৯০ দিন আগে সংসদ ভেঙে দিতে হবে, শেখ হাসিনার অধীনে নির্বাচন নয়, নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে—সংবিধানের বাইরে গিয়ে এমন নানা শর্ত জুড়ে দিচ্ছে। এসবের মাধ্যমে তারা নিজেরাই আলোচনার সম্ভাবনা নাকচ করে দিচ্ছে। সংবিধান কেন পরিবর্তন করতে যাবে সরকার? আর শর্ত মেনে তো আলোচনা হতে পারে না।
নির্বাচন স্বাভাবিক গতিতে, স্বাভাবিক নিয়মে হবে। নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠান করবে। এখানে বিএনপিকে নির্বাচনে ডাকতে হবে বা সংলাপ করতে হবে—এটা একটু বেশি দাবি বলে মনে হয়। সংবিধানের ভেতরে থেকে বিএনপির যদি কোনো দাবি থাকে, সেটা তারা প্রকাশ করুক। আমরা এই বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করতে পারি। এখানে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার কিছু আছে বলে মনে হয় না।
২০০৫-০৬ সালে আমরা আমাদের দাবি প্রকাশ্যে পেশ করেছিলাম। তখন দাবিদাওয়া নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু সেই আলোচনা ভেস্তে যায়। এরপর আমরা আন্দোলন করেছি। আমি মনে করি, বিএনপি সবকিছু মেনেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে। আসলে তারা দর-কষাকষি করে কিছু আদায় করতে চায়।
সৌদি আরবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের অর্থ পাচারের বিষয়টি সৌদি আরবের তদন্তে এসেছে। বিদেশি প্রচারমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশ হয়েছে। এটা বাংলাদেশ থেকে বানানো সংবাদ নয়। বিএনপি এটা অস্বীকার করবে কীভাবে?
আমাদের সামনে আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে ভোটাররা ঠিক করবেন, তাঁরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও উন্নয়নের ধারার পক্ষে থাকবেন, না দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও সাম্প্রদায়িক ধারায় ফিরে যাবেন। এ দেশের মানুষ এখন অনেক সচেতন। তাঁরা বুঝেশুনে সঠিক সিদ্ধান্তই নেবেন।

সময় এখনো শেষ হয়ে যায়নি
মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব, বিএনপি
প্রধানমন্ত্রী আলোচনার প্রস্তাব নাকচ করে দিলেও আমি মনে করি, সময় এখনো শেষ হয়ে যায়নি। গতবারও (২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের আগে) তিনি সমঝোতার প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন। পরে আলোচনায় এসেছেন। এখন দেশের যে পরিস্থিতি, সেখান থেকে বের হতে হলে আলোচনার কোনো বিকল্প নেই। আমরা মনে করি, শেষ পর্যন্ত সরকারের শুভবুদ্ধির উদয় হবে।
আমরা আগেই বলেছি, নির্বাচনে যাওয়া না-যাওয়া একটি রাজনৈতিক দলের অধিকার। নির্বাচন কারও পৈতৃক সম্পত্তি নয়। তাই বাংলাদেশের বর্তমান পরিপ্রেক্ষিতে নাকে খত দিয়ে বিএনপির নির্বাচনে যাওয়ার প্রশ্নই ওঠে না। বরং সব দলকে নির্বাচনে আনতে সরকারই বাধ্য হবে। এ ধরনের দাম্ভিকতা দিয়ে দেশকে এগিয়ে নেওয়া যায় না, এ আচরণ দিয়ে ভবিষ্যতে দেশ শাসন করা যাবে না।
নাকে খত দেওয়া বা ক্ষমা চাওয়া—এসব কথাবার্তা রাজনীতিতে সাময়িক উত্তেজনা সৃষ্টি করে। আমরা মনে করি, এগুলো সমঝোতায় যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে না। এ ধরনের কথাবার্তা রাজনীতিতে সব সময় আছে। প্রতিবেশী ভারতেও এ ধরনের ক্ষমা চাওয়ার কথা প্রায়ই চলতে থাকে। মূল ব্যাপারটি হলো উপলব্ধির। যাঁরা সরকারে থাকেন, তাঁদের দায়িত্ব থাকে জনগণকে শান্তিতে রাখা, স্বস্তি দেওয়া। অন্য রাজনৈতিক দলগুলোও সরকারের সে ব্যবস্থার ওপর নির্ভর করে। সরকার যদি দায়িত্বশীল হয়, তাহলে অবশ্যই তাদের জনগণের মনের আশা-আকাঙ্ক্ষা বুঝতে হবে। সেভাবেই তাদের কাজ করতে হবে।
প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব।’ জনগণের ভোটের এই অধিকার প্রতিষ্ঠার জন্যই বিএনপি লড়ছে। কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্যে এই নির্বিঘ্ন ভোটাধিকারের ইঙ্গিত নেই। যদিও আগে তিনি দলীয় সভায় বলেছেন, আর প্রশ্নবিদ্ধ নির্বাচন করতে চান না। প্রধানমন্ত্রী আলোচনার প্রস্তাব নাকচ করলেও মনে করি এটা চূড়ান্ত কোনো ব্যাপার নয়। রাজনীতিতে পরিস্থিতি বুঝে, বাস্তবতা মেনে সিদ্ধান্ত নিতে হয়।

দুই পক্ষই নিজের লাভ খুঁজছে
মুজাহিদুল ইসলাম সেলিম, সভাপতি, সিপিবি
দেশে এখন নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে। এখান থেকে নির্বাচন ব্যবস্থাটাকে উদ্ধার করতে হবে। প্রশ্নটা যখন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা; তখন আওয়ামী লীগ ও বিএনপি—দুই পক্ষই নিজেদের লাভ খুঁজছে। কোন সরকারের অধীনে নির্বাচন হবে—এটা হয়ে গেছে তাদের কাছে মূল বিষয়। এই বুর্জোয়া দলগুলো প্রহসনের নির্বাচনে নির্ভরশীল।
অবাধ নির্বাচনের জন্য সংগ্রাম করতে হবে। জনগণ এই সংগ্রাম করবে। ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’ এই স্লোগান সিপিবির। স্বৈরশাসক এইচ এম এরশাদের আমলে ২১ দিন পদযাত্রা করে ঢাকায় কর্মসূচি পালন করেছি। এখন নির্বাচন এমন পর্যায়ে গেছে, শুধু মানুষের ভোটাধিকার নিশ্চিত করলেই হবে না, প্রার্থী হওয়ার অধিকারও নিশ্চিত করতে হবে। পেশিশক্তি, কালোটাকা ও নির্বাচনের ব্যয় এমনভাবে বেড়েছে যে ৯৫ শতাংশ মানুষের প্রার্থী হওয়ার যোগ্যতা নেই। তাই লেভেল প্লেয়িং ফিল্ড বা সবার জন্য সমান সুবিধার ধারণা শুধু আওয়ামী লীগ ও বিএনপির জন্য নয়, প্রত্যেক নাগরিকের জন্যই সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে যে ভাষায় কথা বলেছেন, সেটা কাম্য নয়। কার অধীনে নির্বাচন হবে, এটা নিয়ে যুদ্ধের মাধ্যমে দুই পক্ষই প্রকৃত কথা থেকে বিচ্যুত হয়েছে। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। এখানে সরকার আসছে কেন? সব মন্ত্রণালয় যদি বিএনপি বা সিপিবিকে দিয়ে দেওয়া হয়, তাহলে কি নির্বাচন সুষ্ঠু হয়ে যাবে? টাকার খেলা, পেশিশক্তি, প্রশাসনিক কারসাজি, সাম্প্রদায়িকতাসহ অন্য বিষয়গুলো বন্ধ না করতে পারলে সঠিক নির্বাচন সম্ভব নয়।
প্রধানমন্ত্রীর কথায় সৌদি আরবে টাকা পাচারের বিষয় এসেছে। সত্য না মিথ্যা বলতে পারব না। তবে বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচারের যে তথ্য এসেছে, সেটা হয়তো এর একটা ক্ষুদ্র অংশ। বাকি টাকা কারা পাচার করেছে? এই টাকা ফিরিয়ে আনতে কী ব্যবস্থা করা হবে? প্রধানমন্ত্রী এ বিষয়ে কিছুই বললেন না। ফলে এটা পরিষ্কার যে প্রধানমন্ত্রী রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার উদ্দেশ্যে এ কথা বলেছেন। রাঘববোয়ালদের সবার অর্থ ফেরত আনার জোরালো কথা তাঁর কাছ থেকে শোনা যায়নি।