গণতন্ত্রের ঘাটতির কারণে জঙ্গিবাদের উত্থান
গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের ঘাটতির কারণে দেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় আমীর খসরু মাহমুদ চৌধুরী এই মন্তব্য করেন। স্বাধীনতা দিবস উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশন ওই আলোচনা সভার আয়োজন করে।
আমীর খসরু বলেন, সিলেটের ঘটনা অত্যন্ত দুঃখজনক। জঙ্গিরা সবার শত্রু। আজকে যে রাজনৈতিক প্রেক্ষাপট সৃষ্টি করা হয়েছে, দেশে গণতন্ত্র নেই, মানবাধিকার, আইনের শাসনের ঘাটতি রয়েছে। এই ঘাটতি ‘পূরণ’ করছে জঙ্গিরা। তিনি বলেন, মানুষের ভোটাধিকার, গণতন্ত্র ফিরিয়ে দিয়ে নির্বাচিত সংসদ করতে হবে। এর বাইরে কোনো সমাধান চাইলে বাংলাদেশকে আগুনের মুখে ঠেলে দেওয়া হবে। বিএনপির এই নেতা দাবি করেন, জনসমর্থন না থাকলে জঙ্গিবাদ, উন্নয়নের দোহাই দিয়ে ক্ষমতায় টিকে থাকতে হয়।
খসরু বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম চেতনা ছিল গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তি। এখন এর কোনোটাই নেই। তিনি দাবি করেন, দেশের অর্থনৈতিক খাতে বড় সংস্কারগুলোর সব করেছে বিএনপি। আর এ কারণে এখনকার ‘অপশাসনের’ মধ্যেও অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করে আমীর খসরু বলেন, জিয়াউর রহমান যে ঘোষণা দিয়েছেন, এর অনেক তথ্য-প্রমাণ ভারতে আছে। প্রধানমন্ত্রীকে ভারত সফরে গেলে এসব প্রমাণ নিয়ে আসার জন্যও তিনি আহ্বান জানান।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সভাপতি ফরহাদ হালিম প্রমুখ বক্তব্য দেন।