গণতন্ত্রের ঘাটতির কারণে জঙ্গিবাদের উত্থান: খসরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের ঘাটতির কারণে দেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। স্বাধীনতা দিবস উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশন এই আলোচনা সভার আয়োজন করে।
আমীর খসরু বলেন, সিলেটের ঘটনা অত্যন্ত দুঃখজনক। জঙ্গিরা সবার শত্রু। আজ যে রাজনৈতিক প্রেক্ষাপট সৃষ্টি করা হয়েছে, দেশে গণতন্ত্র নেই, মানবাধিকার, আইনের শাসনের ঘাটতি রয়েছে। এই ঘাটতি ‘পূরণ’ করছে জঙ্গিরা। তিনি বলেন, মানুষের ভোটাধিকার, গণতন্ত্র ফিরিয়ে দিয়ে নির্বাচিত সংসদ করতে গঠন করতে হবে। এর বাইরে কোনো সমাধান চাইলে বাংলাদেশকে আগুনের মুখে ঠেলে দেওয়া হবে। বিএনপির এই নেতা দাবি করেন, জনসমর্থন না থাকলে জঙ্গিবাদ, উন্নয়নের দোহাই দিয়ে ক্ষমতায় টিকে থাকতে হয়।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করে আমীর খসরু বলেন, জিয়াউর রহমান যে ঘোষণা দিয়েছেন, এর অনেক তথ্য-প্রমাণ ভারতে আছে।