গণতন্ত্রের জন্য এখনো চিৎকার দুর্ভাগ্যের: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘স্বাধীনতার ৪৫ বছর পর গণতান্ত্রিক অধিকারের জন্য এখনো চিৎকার করতে হচ্ছে। গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য ছেলেরা প্রাণ দিচ্ছে। এটা জাতি হিসেবে খুবই দুর্ভাগ্যের।’

আজ শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির স্বাধীনতা শোভাযাত্রা-পূর্ব সমাবেশে মির্জা ফখরুল ওই আহ্বান জানিয়ে এসব কথা বলেন।
ফখরুল বলেন, ‘বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পৃথিবীর মানচিত্রে একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি। যে আশা ও স্বপ্ন নিয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, আজ স্বাধীনতার ৪৫ বছর পরে এখনো গণতান্ত্রিক অধিকারের জন্য আমাদের সোচ্চার হতে হচ্ছে, চিৎকার করতে হচ্ছে। এটা জাতি হিসেবে খুবই দুর্ভাগ্যের।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘আজ মা-বোনদের নিরাপত্তা নেই, সমাজের কেউ নিরাপদ নয়। আজ বাগস্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে, সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। দেশের গোটা অর্থনীতিকে বর্গিদের মতো লুট করে নেওয়া হচ্ছে। তিনি একাত্তরের চেতনায় গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার ফিরে পেতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বেলা সোয়া তিনটায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপি শোভাযাত্রা বের করে। এতে বিএনপির এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। শোভাযাত্রাটি বিজয়নগর, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ মোড় হয়ে আবার নয়াপল্টনে গিয়ে শেষ হয়। এ সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।