গণতন্ত্রের দোহাই দিয়ে দেশে মনগড়া শাসন চলছে: ইসলামি সমাজ

জাতীয় প্রেসক্লাবের সামনে ইসলামি সমাজের মানববন্ধনছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামি সমাজের আমির সৈয়দ হুমায়ূন কবির বলেছেন, গণতন্ত্রের দোহাই দিয়ে দেশে দীর্ঘ ৫০ বছর ধরে দলীয় নেতাদের একক কর্তৃত্ব চলছে। দেশ চলছে তাঁদের মনগড়া সংবিধানের ভিত্তিতে। এ কারণে দেশের মানুষ সুশাসন ও ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গি তৎপরতা, খুন-গুম-ধর্ষণ ও মাদকে দেশ সয়লাব হয়ে গেছে।

আজ রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ইসলামি সমাজ আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন সৈয়দ হুমায়ূন কবির। সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যের ডাকে এই মানববন্ধনের আয়োজন করে ইসলামি সমাজ।

মানববন্ধনে সৈয়দ হুমায়ূন কবির বলেন, ‘শান্তিপূর্ণ পদ্ধতিতে সমাজ-রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হলে মানুষের জীবনে সুশাসন ও ন্যায়বিচার নিশ্চিত হবে। মানুষের মৌলিক অধিকারসহ সব অধিকার আদায় ও সংরক্ষণ করা হবে। সব প্রকার দুর্ভোগ ও অশান্তি দূর হয়ে শান্তি প্রতিষ্ঠিত হবে। সব ধর্মের মানুষের জন্য যার যার ধর্ম পালনের সুযোগ থাকবে।’

ইসলামি সমাজের আমির বলেন, দেশের যে অবস্থা, এ থেকে পরিত্রাণ পেতে রাষ্ট্রে পুরোপুরিভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। এ ছাড়া দেশে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে না।

দলমত-নির্বিশেষে সবাইকে ইসলামি সমাজ প্রতিষ্ঠার শান্তিপূর্ণ আন্দোলনে শামিল হয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান সৈয়দ হুমায়ূন কবির।
মানববন্ধনে ইসলামি সমাজের কেন্দ্রীয় নেতা সোলায়মান কবির, তথ্য বিভাগের সহকারী সোহাগ আহমেদসহ অন্যান্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।