গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করেছে নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫ জানুয়ারি ‘গণত​েন্ত্রর বিজয়’ দিবস পালন উপলক্ষে গতকাল বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশের একাংশ l ছবি: প্রথম আলো
৫ জানুয়ারি ‘গণত​েন্ত্রর বিজয়’ দিবস পালন উপলক্ষে গতকাল বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশের একাংশ l ছবি: প্রথম আলো

৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা পেয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত দুটি সমাবেশে দলের নেতারা এ কথা বলেন। উত্তরের সমাবেশ হয় ধানমন্ডির ৩২ নম্বর সড়ক চত্বরে এবং দক্ষিণের সমাবেশ হয় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে।
এদিকে আওয়ামী লীগের সমাবেশকে কেন্দ্র করে গতকাল রাজধানীজুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ফলে সাধারণ মানুষ দ্বিতীয় দিনের মতো দুর্ভোগের শিকার হয়।
দক্ষিণের সমাবেশে বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে হত্যা করার উদ্দেশ্যেই আন্দোলনের নামে বিএনপি ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে গণহত্যা চালিয়েছিল। তবে দেশে আর কোনো গণহত্যা করতে দেওয়া হবে না। দেশের অগ্রগতি ও অগ্রযাত্রা ব্যাহত করতে দেওয়া হবে না।
উত্তরের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, ‘আমরা এখন জনগণের মাঠে। আপনি কোর্টে। ভবিষ্যতে আপনার জায়গা কোথায় হবে, তা জনগণ ঠিক করবে।’
জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় নির্বাচনের বিকল্প নেই। যারা নির্বাচন বয়কট করে, তারা গণতান্ত্রিক রাষ্ট্র চায় না। খালেদা জিয়া নির্বাচনে না গিয়ে কী পেলেন? তিনি কি ভেবেছেন ক্যান্টনমেন্ট থেকে সাঁজোয়া যান এসে তাঁর হাতে ক্ষমতা তুলে দেবে? ইউনিফর্ম পরা লোক এসে তাঁকে সিংহাসনে বসিয়ে দেবেন? কিন্তু এসব আর কখনো হবে না। নির্বাচন করেই ক্ষমতায় যেতে হবে।
দক্ষিণের সমাবেশে দলের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক বলেন, ‘আমরা আশা করি, রাষ্ট্রপতি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য একটি শক্তিশালী ও স্বাধীন নির্বাচন কমিশন গঠন করবেন। আওয়ামী লীগ সর্বাত্মক সহযোগিতা করবে। তাই আমরা আশা করি, বিএনপি আর সন্ত্রাসের পথে যাবে না, নাশকতার পথে যাবে না। যদি যায়, তাহলে তাদের চরম মূল্য দিতে হবে।’

রাজধানীজুড়ে গতকাল ছিল তীব্র যানজট। ছবিটি বিকেলে তোপখানা রোড থেকে তোলা l ফোকাস বাংলা
রাজধানীজুড়ে গতকাল ছিল তীব্র যানজট। ছবিটি বিকেলে তোপখানা রোড থেকে তোলা l ফোকাস বাংলা

এসব সমাবেশে আরও বক্তব্য দেন সাহারা খাতুন, মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, হাছান মাহমুদ, আসাদুজ্জামান খান কামাল, এ কে এম রহমতুল্লাহ প্রমুখ।
সাধারণ মানুষের চরম দুর্ভোগ
গতকাল আওয়ামী লীগের সমাবেশের কারণে দ্বিতীয় দিনের মতো রাজধানীজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। যদিও পুলিশ বলছে, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চলাচল ও বড় দুটি রাজনৈতিক দলের কর্মসূচির কারণে এ অবস্থা হয়েছে। গত বুধবার ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার কারণে স্থবির হয়ে পড়ে রাজধানী। নগরবাসীর এ দুর্ভোগের কারণে গতকাল দুঃখ প্রকাশও করেছেন সংগঠনটির সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ভুক্তভোগীরা জানিয়েছেন, যেখানে যেতে অন্য দিনগুলোয় আধা ঘণ্টা সময় লাগে, সেখানে গতকাল পৌঁছাতে দুই থেকে আড়াই ঘণ্টা সময় লেগেছে। অনেকেই বাধ্য হয়ে হেঁটে গন্তব্যে পৌঁছেছেন।
গতকালের যানজট সম্পর্কে জানতে চাইলে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে তাঁর কার্যালয়ে যান। যৌক্তিক কারণেই ওই এলাকার যান চলাচল বেশ কিছুক্ষণ বন্ধ ছিল। এ কারণে সকালে ফার্মগেট, খেজুরবাগান মোড়, বিজয় সরণি ও মহাখালী উড়ালসড়ক এলাকায় যানজটের সৃষ্টি হয়। এরপর বেলা তিনটার দিকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবন থেকে সোনারগাঁও হোটেলে যান। পাশাপাশি ওই সময় বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে বিভিন্ন এলাকা থেকে মিছিল আসতে থেকে। ফলে বিকেলের দিকে গুলিস্তান, পুরানা পল্টন, শাহবাগ, কলাবাগান, আসাদগেটসহ চারপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
ট্রাফিক পুলিশ সূত্র জানিয়েছে, সকাল ১০টার দিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে হাজিরা দিতে বকশীবাজার এলাকায় আসেন। এ উপলক্ষে ছাত্রদলসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বকশীবাজার, পুরান ঢাকা ও হাইকোর্ট এলাকায় অবস্থান নেন। তাঁরা খণ্ড খণ্ড মিছিলও করেন। এতে ওই এলাকা ও পুরান ঢাকায় যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।