গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, রাজনীতির নামে অসৎ ব্যবসা থেকে দেশকে উদ্ধার করতে হবে। গণতন্ত্রের নামে অন্য কিছু চলবে না।
গতকাল শুক্রবার গণফোরামের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কামাল হোসেন এসব কথা বলেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘গণতন্ত্র ও দেশ বাঁচাতে জাতীয় ঐক্য গড়ে তুলুন’ শীর্ষক এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় গণফোরামের পক্ষ থেকে ১১ দফা প্রস্তাব দিয়ে জাতীয় ঐক্যের ডাক দেওয়া হয়। এর মধ্যে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সংলাপের মাধ্যমে ঐক্য না হলে গণভোটের আয়োজন, অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার ও স্বাধীন-শক্তিশালী নির্বাচন কমিশনের মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত এবং সংবিধান সংশোধন করে তা যুগোপযোগী করা অন্যতম।
ড. কামাল হোসেন বলেন, ‘এখন কিছু পাওয়ার, হওয়ার ও অবৈধ দখলের রাজনীতি চলছে। এটা অসুখে পরিণত হয়েছে।’ তাঁর মতে, এর চিকিৎসা একটাই, তা হলো জাতীয় ঐক্য। তিনি বলেন, ‘আসুন, আমরা সবাই ঐক্যের স্বেচ্ছাসেবকের তালিকায় নাম লিখি। ১১ দফা নিয়ে মানুষের কাছে যাই। অবশ্যই সফল হব।’
ড. কামাল বলেন, পুঁজি পাচারের বিরুদ্ধে সংগ্রাম করে দেশ স্বাধীন হয়েছিল। আবারও বিদেশে পুঁজি পাচার হচ্ছে। চলছে দুর্নীতি ও ব্যাংকের অর্থ লুটপাট। এর বিরুদ্ধে মিছিলে নামার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেখি, স্বাধীন দেশে কে কী করে? পুলিশ-র্যাব গুলি করবে? আমরা রাস্তায় থাকব।’
১১ দফার সঙ্গে একমত পোষণ করে বক্তব্য দেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি বদরুদ্দোজা চৌধুরী, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমানসহ রাজনীতিক ও পেশাজীবীরা।
বদরুদ্দোজা চৌধুরী বলেন, এবার গণতন্ত্র উদ্ধার করতে না পারলে, আরেকটা নির্বাচন এভাবে হয়ে গেলে আর ফিরে আসা যাবে না। এর জন্য দেশের মানুষের কাছে দায়ী থাকতে হবে।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান বলেন, গণতন্ত্র ছাড়া জাতীয়তাবাদ কিংবা সমাজতন্ত্র কোনোটাই টিকবে না। সবার আগে গণতন্ত্র দরকার।
মুজাহিদুল ইসলাম সেলিম গণফোরামের দেওয়া ১১ দফা নিয়ে ১৯৬৯ সালের ১১ দফার আন্দোলনের রূপ দেওয়ার আহ্বান জানান।
আইনজীবী শাহদীন মালিক ৫ জানুয়ারির নির্বাচনের সমালোচনা করে বলেন, কীভাবে এটাকে নির্বাচন বলে দাবি করা হয়। এতটা মিথ্যাচার, নির্লজ্জ ও নীতিহীন কীভাবে হওয়া যায়।
মাহমুদুর রহমান মান্না বলেন, সরকারের পেছনে র্যাব-পুলিশ ছাড়া কোনো মানুষ নেই। বিরোধী দলও ৫ জানুয়ারির পর বিপর্যস্ত। এই অবস্থায় জনগণের সমর্থন নিয়ে ঐক্য গড়ে তুলতে পারলে ফল পাওয়া যাবে।
অধ্যাপক আসিফ নজরুল বলেন, দেশ চলছে যেভাবে চলছে, তাতে আরবসহ কয়েকটি দেশের মতো দীর্ঘ মেয়াদে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা পাবে। গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে সুষ্ঠু নির্বাচনের এক দফা দাবি নিয়ে সবার ঐক্যবদ্ধ হওয়া উচিত।
আলোচনা সভায় আরও বক্তৃতা করেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, আওয়ামী লীগের নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, বিকল্পধারার এম এ মান্নান প্রমুখ।