গণতন্ত্রের বদ্ধ কপাট খুলে দিন: খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দেশের অবরুদ্ধ গণতন্ত্রের বদ্ধ কপাট খুলে দিতে’ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
গতকাল শুক্রবার রাতে এক বিবৃতিতে খালেদা জিয়া এ আহ্বান জানান। তিনি বলেন, সরকারের দুর্বৃত্তায়ন, ফ্যাসিবাদ ও অগণতান্ত্রিক ভূমিকা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে, দেশের মানুষের দম বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
বিরোধী দলের নেতা-কর্মীদের মিথ্যা মামলায় একে একে কারান্তরীণ করার প্রতিবাদ জানিয়ে বিএনপির চেয়ারপারসন এ বিবৃতি দেন। বিবৃতিটি গণমাধ্যমে পাঠান বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন।
খালেদা জিয়া অভিযোগ করেন, সরকার বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের কারান্তরীণ করে নেতৃত্বশূন্য করার হীন ষড়যন্ত্র করছে। তিনি বলেন, বিএনপি কখনো সন্ত্রাসের রাজনীতি করেনি, সন্ত্রাসীদের প্রশ্রয়ও দেয়নি। এটা সবার জানা, দেশের অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করার লক্ষ্যে বিএনপি শান্তিপূর্ণ পথে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে। কিন্তু আন্দোলন চলাকালে সরকারি এজেন্ট ও শাসকদলীয় লোকেরাই সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে তার দায় বিরোধী দলের কাঁধে চাপানোর অপপ্রয়াস নিয়েছিল। তখন সন্ত্রাসী ঘটনাগুলোর সঙ্গে শাসকদলীয় ক্যাডারদের জড়িত থাকার খবর পত্রপত্রিকায়ও প্রকাশিত হয়েছিল। এরপরও সরকার বিরোধী দলের নেতা-কর্মীদের হয়রানি করেই চলছে।
খালেদা জিয়া বলেন, ‘আমরা সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই যে তারা কোনোভাবেই জনগণের নির্বাচিত সরকার নন। দুঃখের বিষয়, “জনগণই যে সকল ক্ষমতার উৎস” এ সত্য কথাটি সরকার ক্রমাগত অস্বীকার করে চলেছেন পাঁচ বছর ক্ষমতায় বহাল থাকার আকাঙ্ক্ষায়।’ তিনি কারাবন্দী দলীয় নেতা-কর্মীদের মুক্তি এবং নাগরিকদের মৌলিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে অবরুদ্ধ গণতন্ত্রের বদ্ধ কপাট খুলে দিতে সরকারের প্রতি আহ্বান জানান।
বিবৃতিতে বিএনপির ২১ নেতার নাম উল্লেখ করে তাঁদের মুক্তি দাবি করা হয়। তাঁরা হলেন—স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান আবদুস সালাম পিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মান্নান, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, রুহুল কবির রিজভী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক মেহেদী আহমেদ, পল্লী উন্নয়ন-বিষয়ক সহসম্পাদক মোজাহার আলী প্রধান, নির্বাহী কমিটির সদস্য সৈয়দা আসিফা আশরাফি, আরিফুল হক চৌধুরী, জি কে গউস, আবুল হোসেন খান, মুজিবুর রহমান চৌধুরী, আবুল কালাম, সাবেক সাংসদ আবুল কালাম আজাদ, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চান ও সাধারণ সম্পাদক আবুল কালাম, ঝালকাঠি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ও ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান।