গণতন্ত্রের বিপরীতে উন্নয়নকে দাঁড় করানোর চেষ্টা হচ্ছে: বিএনপি
সরকার গণতন্ত্রের বিপরীতে উন্নয়নকে দাঁড় করানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বিএনপি।
গতকাল সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান এই অভিযোগ করেন।
সম্প্রতি ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘আমরা গণতন্ত্রে বিশ্বাসী। তবে বেশি গণতন্ত্রে আমরা বিশ্বাস করি না। মালয়েশিয়ায় মাহাথির মোহাম্মদ যে পথে এগিয়ে গেছেন, বাংলাদেশে শেখ হাসিনাও সে পথে এগিয়ে যাচ্ছেন। এই গণতন্ত্র আমরা মেনে চলব।’
মোহাম্মদ নাসিমের এই বক্তব্যের সমালোচনা করে আসাদুজ্জামান বলেন, উন্নয়নের বিপরীতে গণতন্ত্রকে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। গণতন্ত্র কখনো উন্নয়নের প্রতিপক্ষ হতে পারে না। এটা অত্যন্ত ভয়াবহ ও স্বৈরশাসকের চিন্তাভাবনা। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোট সীমিত গণতন্ত্রের নামে মানুষের সাংবিধানিক অধিকারকে আইনি কাঠামোতে এনে আরও সংকুচিত করতে চায় কি না, তা স্পষ্ট করার দাবি জানান তিনি।