আগে উন্নয়ন পরে গণতন্ত্র নয়। গণতন্ত্রের মধ্য দিয়েই দেশের উন্নয়ন করতে হবে। আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়তে বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান সরোয়ার।
গতকাল রোববার নগরের অশ্বিনীকুমার হলসংলগ্ন জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ের সামনে মহানগর যুগ্ম সাধারণ সম্পাদককে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান উপলক্ষে এক সমাবেশ হয়। সেখানেই প্রধান অতিথির বক্তব্যে সরোয়ার এ আহ্বান জানান।
মহানগর বিএনপির এই সভাপতি বলেন, এ সরকারের কাছে জনগণের কদর নেই। কারণ তাদের জনগণের ভোটের প্রয়োজন হয় না। সরকার যাদের দিয়ে ভোট পায় সেই পুলিশ প্রশাসনের বেতন-ভাতা দ্বিগুণ করে তাদের সন্তুষ্ট রেখেছে। ভোটবিহীন নির্বাচন করে এবং উন্নয়নের দোহাই দিয়ে সরকার জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। ভোটারবিহীন সংসদ নির্বাচনের পর উপজেলা ও পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে আওয়ামী লীগ যেসব কৌশল নিয়েছিল, এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনেও সেই কৌশল অনুসরণের চেষ্টা চলছে।
মহানগর সহসভাপতি আব্বাস উদ্দিন বাবলুর সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক সাংসদ আবুল হোসেন খান ও মহানগর সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন শিকদার বক্তব্য দেন।
২০১২ সালে মজিবর রহমান সরোয়ারকে সভাপতি ও কামরুল আহসান শাহীনকে সাধারণ সম্পাদক করে মহানগর বিএনপির কমিটি করা হয়। ২০১৪ সালের ২২ নভেম্বর কামরুল আহসানের মৃত্যুতে সাধারণ সম্পাদকের পদ শূন্য হয়। কেন্দ্র থেকে মহানগর যুগ্ম সম্পাদক জিয়াউদ্দিন শিকদারকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।