গণতন্ত্রের সংগ্রামে মানুষ সাহাবুদ্দীন আহমেদকে মনে রাখবে: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের সংগ্রামে এ দেশের মানুষ সাবেক রাষ্ট্রপতি ও বিচারপতি সাহাবুদ্দীন আহমেদকে মনে রাখবে। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিচারপতি সাহাবুদ্দীন এমন একজন, যিনি বাংলাদেশের রাজনীতিতে অনন্য ভূমিকা পালন করেছিলেন। ১৯৯১ সালে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সর্বসম্মতিক্রমে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনকালে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন।

বিচারপতি সাহাবুদ্দীন জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনার ব্যবস্থা করেছিলেন বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বিচারপতি সাহাবুদ্দীনের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর পরিবার–পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা বিশ্বাস করি, এ দেশের মানুষ যত দিন গণতন্ত্রের জন্য সংগ্রাম করবে, তত দিন তাঁকে মনে রাখবে।’