গণতান্ত্রিক আন্দোলনের বিকল্প নেই : নজরুল
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেছেন, দেশে গণতন্ত্র নেই। গণতন্ত্র পুনরুদ্ধারে গণতান্ত্রিক আন্দোলনের বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় নজরুল ইসলাম এ কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবক দল ওই আলোচনার আয়োজন করে।
নজরুল ইসলাম খান দাবি করেন, গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ হলেও দেশে সেই গণতন্ত্র আজ অনুপস্থিত। দেশে আইনের শাসন নেই। সভা-সমাবেশ করা ও কথা বলার অধিকার নেই। অনির্বাচিত সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে, আর বিএনপির নির্বাচিত মেয়ররা কারাগারে।
নজরুল ইসলাম বলেন, ব্যাংক ও বাজার লুট হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ পর্যন্ত লুট হয়ে গেছে। অথচ কেউ এটার দায়িত্ব নিচ্ছেন না। এসব প্রতিষ্ঠান দেখাশোনা করার দায়িত্ব যাদের ছিল, তাদের এই লুটপাটের দায়িত্ব নিতে হবে। তিনি অভিযোগ করেন, বিএনপির নেতাদের অপরাধ না থাকলেও তাঁদের গ্রেপ্তার করা হয়, মামলা দেওয়া হয়। আর সরকারপক্ষের অনেকের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ থাকার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয় না। তিনি বিএনপির নেতাদের শুধু গ্রেপ্তার না করে সব অপরাধের তদন্ত করতে সরকারের প্রতি আহ্বান জানান।
স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহসভাপতি মুনির হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ বক্তব্য দেন।