গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বিএনপি নেতাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি বার্ষিকীর আলোচনায় বক্তারা বলেছেন, এখন দেশের প্রধান চ্যলেঞ্জ গণতন্ত্র ফিরিয়ে আনা। এ জন্য গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে।
আজ বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি ওই আলোচনা সভার আয়োজন করে। ২০০৭ সালে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর দুর্নীতির অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তিনি মুক্তি পান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, দেশে এখন রাজনীতি নেই, গণতন্ত্র নেই। গণতন্ত্র ফিরিয়ে আনতে গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করতে হবে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নেতৃত্ব দিতে হবে।
মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসের নেতৃত্বে বিএনপি আরও শক্তিশালী হবে—এমন আশা প্রকাশ করে মওদুদ বলেন, বিএনপিকে এমন শক্ত হবে যাতে খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক দিতে না পারে।
ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস বলেন, স্বৈরাচার এরশাদের আমল থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সংগ্রাম করছেন। এখন যে লড়াই চলছে তা বিএনপির ক্ষমতায় যাওয়ার লড়াই নয়। বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করছে।
মির্জা আব্বাস বলেন, এক-এগারোর সময়ও খালেদা জিয়া দেশে থেকেছেন। অনেক প্রলোভনেও তিনি দেশ ছাড়েননি। তিনি দেশে থেকে শেখ হাসিনাকে দেশে ফিরে আসতে সহায়তা করেছেন। এর আগে ’৭৫-পরবর্তী সময়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানও শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরে আসতে সহায়তা করেছিলেন বলে দাবি করেন তিনি।
সরকার ৫০ হাজার পুলিশ নিয়োগ করছে দাবি করে মির্জা আব্বাস বলেন, এর বিপরীতে বিএনপি পাঁচ লাখ কর্মী নিয়োগ করবে।
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামী বলেন, খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার পর তখনকার বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের নেতৃত্বে চারদলীয় ঐক্যজোট যে আন্দোলন করেছিল, এখন সে ধরনের আন্দোলন করতে হবে।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোস্তাহিদুর রহমান, সাংবাদিক শফিক রেহমান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পিয়াস করিম প্রমুখ বক্তব্য দেন।

কাল সোহরাওয়ার্দীতে ২০-দলের সমাবেশ
বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে নেওয়ার উদ্যোগের প্রতিবাদে কাল বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব হাবিব-উন-নবী খান সোহেল আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন তাঁরা সমাবেশের অনুমতি পেয়েছেন। বেলা তিনটায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ শুরু হবে। গতকাল মঙ্গলবার এ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।