গণফোরামকে রক্ষার জন্য ড. কামালের প্রতি আহ্বান জানিয়ে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের মধ্যে চলা সংকট ও দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষার জন্য গণফোরাম সভাপতি ড. কামালের হোসেনের প্রতি আহ্বান জানিয়েছেন কয়েক নেতা। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।

ড. কামাল হোসেনের উদ্দেশে গণফোরাম নেতা মোস্তফা মোহসীন মন্টু, আবু সাইয়িদ, সুব্রত চৌধুরী, জগলুল হায়দার, মহসিন রশিদ ও মহীউদ্দিন আবদুল কাদের একটি চিঠি লেখেন। তাতে বলা হয়, গঠনতন্ত্রবিরোধী ও এখতিয়ারবহির্ভূত কর্মকাণ্ড দলের নেতা–কর্মীদের মধ্যে হতাশা, নিষ্ক্রিয়তা ও দলের প্রতি অনীহা সৃষ্টি করছে। দলের প্রতিষ্ঠাতা হিসেবে দলকে চূড়ান্ত বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার দায়িত্বও কামাল হোসেনের।

চিঠিতে বলা হয়, গণফোরাম যাত্রা শুরু থেকেই দলের ভেতর ও বাইরে বহুমুখী ষড়যন্ত্রের শিকার হয়। ২০১৯ সালের এপ্রিল জাতীয় কাউন্সিল করে রেজা কিবরিয়াকে সাধারণ সম্পাদক করা থেকে গণফোরামে দ্বন্দ্ব শুরু হয়। সেই ঘটনা থেকে শুরু করে পাল্টাপাল্টি বহিষ্কার, আলাদা আলাদা কাউন্সিল ডাকা, কেন্দ্রীয় কমিটির সভা না ডাকা, কমিটি ভেঙে দেওয়া, রেজা কিবরিয়ার পদত্যাগ, সভাপতিমণ্ডলীর সদস্য শফিক উল্লাহকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা এবং সর্বশেষ মোকাব্বির খানকে নির্বাহী সভাপতি হিসেবে নিয়োগ দেওয়ার প্রসঙ্গ চিঠিতে উল্লেখ করা হয়।

নেতারা বলেন, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ২০১৯ সালে জাতীয় কাউন্সিলে গঠিত কেন্দ্রীয় কমিটির সভা ডেকে পরবর্তী জাতীয় কাউন্সিল তারিখ ঘোষণাসহ দলকে রক্ষার জন্য কামাল হোসেনের প্রতি আহ্বান জানান তাঁরা।