গণমাধ্যম এখন কথা বলতে পারে না: এরশাদ

সরকার গণমাধ্যমের লেখার অধিকার নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি বলেছেন, গণমাধ্যম এখন কথা বলতে পারে না। সরকার যা চাইবে, তা তাদের বলতে হবে। তাঁর সময়ে এমনটা ছিল না বলেও দাবি করেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত।
আজ বুধবার রাজধানীর বনানী কার্যালয়ে বরগুনা জেলা জাতীয় পার্টির সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন এরশাদ।
জাপা চেয়ারম্যান বলেন, ‘গণতন্ত্র হলো ভোটের অধিকার। কথা বলার অধিকার। লেখার অধিকার। বাঁচার অধিকার। এখন বাঁচার অধিকার নেই। লেখার অধিকার হারিয়ে ফেলেছি। খবরের কাগজকে বলা হয়, “এটা লেখা যাবে না। ” আমরা এটা করি নাই। আমরা গণতন্ত্রে বিশ্বাস করতাম, বাক স্বাধীনতায় বিশ্বাস করতাম।’ তিনি বলেন, তাঁর দল ভবিষ্যতে ক্ষমতায় গেলে সাংবাদিকেরা লিখতে পারবেন। মানুষ কথা বলতে পারবে।
জনগণ আবার জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়—এমন দাবি করে এরশাদ বলেন, ‘যেখানে যাই, একটা কথা—আপনি আবার ক্ষমতায় আসেন।’ এ জন্য নেতা-কর্মীদের সংগঠন শক্তিশালী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচন কবে হবে জানি না। হয়তো ২০১৯ সালে। এই কয় বছরে তৃণমূল সংগঠিত করুন।’
একই সঙ্গে সরকার ও বিরোধী দলে থাকা জাতীয় পার্টির চেয়ারম্যান সরকারের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, এখন কারও নিরাপত্তা নেই। মায়ের কোলে শিশুও নিরাপদ নয়। হিন্দু সম্প্রদায়ের মানুষের জমি দখল করা হচ্ছে। প্রতিবাদ করার জায়গা নেই। কারণ সব সরকারের পক্ষে।