গণমাধ্যমকর্মী আইন পরিমার্জনে টিআইবির বিবৃতি সহায়ক নয়: তথ্যমন্ত্রী
নিজেদের কর্মপরিধির বাইরে গিয়ে সব বিষয়ে বিবৃতি দেওয়া ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) অভ্যাসে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেছেন, গণমাধ্যমকর্মী আইন পরিমার্জনে টিআইবির বিবৃতি সহায়ক তো নয়ই, বরং অন্তরায়।
আজ শুক্রবার সকালে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন হাছান মাহমুদ।
মন্ত্রী বলেন, ‘গণমাধ্যমকর্মী আইন সাংবাদিক-গণমাধ্যমকর্মীদের জন্য। এটা দুর্নীতির কোনো বিষয় নয়। আর আইনটি সংসদীয় স্থায়ী কমিটিতে গেছে। সাংবাদিক নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা করে এটি পরিবর্ধন-পরিমার্জন করা হবে। তাঁদের সঙ্গে এ নিয়ে আমার আলোচনাও হয়েছে।’
গণমাধ্যমকর্মী আইন নিয়ে টিআইবি আগ বাড়িয়ে বিবৃতি দিয়ে বিষয়টিকে রাজনৈতিক করার চেষ্টা করছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘নিজেদের কর্মপরিধির বাইরে গিয়ে সব বিষয়ে কথা বলা টিআইবির একটি অভ্যাসে পরিণত হয়েছে দেখা যাচ্ছে। আমি মনে করি, তাদের এ বিবৃতি গণমাধ্যমকর্মী আইন পরিমার্জন-পরিবর্ধনের ক্ষেত্রে সহায়ক তো নয়ই, বরং অন্তরায় হবে।’
টিসিবির কার্ড আওয়ামী লীগ দলীয়করণ করছে—বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের বিষয়ে তথ্যমন্ত্রীকে প্রশ্ন করেন সাংবাদিকেরা। জবাবে তিনি বলেন, ‘দলমত-নির্বিশেষে ন্যায্য প্রাপ্যতার ভিত্তিতেই এক কোটি পরিবারকে টিসিবির ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে, যাতে পাঁচ কোটি মানুষ উপকারভোগী।’
আওয়ামী লীগের কোনো নেতা-কর্মীকে টিসিবির কার্ডের দায়িত্ব দেওয়া হয়নি উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘জনপ্রতিনিধিবৃন্দ, যাঁরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বিভিন্ন দল থেকেই রয়েছেন, তাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে। আসলে সবকিছুর মধ্যে রাজনীতির গন্ধ খোঁজাই বিএনপির সমস্যা।’
‘মির্জা ফখরুল সাহেব ইদানীং যে ভাষায় কথা বলছেন, তা সিনিয়র রাজনীতিকের ভাষা নয় এবং রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত’ মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল সাহেব আওয়ামী লীগকে ডাকাত বলেছেন। আসলে তাঁরা যখন ক্ষমতায় ছিলেন, তখন বিশ্ব ডাকাতে পরিণত হয়েছিলেন এবং সে জন্য তাঁদের হাতে দেশ পরপর পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল।’