গণমাধ্যমকে হুমকির মধ্যে রাখা হয়েছে : ফখরুল

দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে নাশকতার একটি পুরোনো মামলায় অভিযুক্ত করে রিমান্ড আবেদন করার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেছেন, ‘গণতন্ত্রকে হত্যা করার জন্য, বিরোধী দলকে ধ্বংস করার যেসব মহাপরিকল্পনা সরকার গ্রহণ করেছে, তার অন্যতম হচ্ছে মানুষের কণ্ঠরোধ করা। আর এ জন্য গণমাধ্যম বন্ধসহ প্রবল হুমকির মধ্যে রাখা হয়েছে।’
মির্জা ফখরুল অভিযোগ করেন, মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দিয়ে মাহমুদুর রহমানকে দীর্ঘদিন ধরে কারাগারে আটক রেখে তাঁকে তিলে তিলে নিঃশেষ করার ষড়যন্ত্র করা হচ্ছে। সরকারের রোষানলের শিকার হওয়ার কারণেই বারবার উচ্চ আদালত থেকে সব কটি মামলায় জামিন পেলেও নতুন নতুন সাজানো মিথ্যা মামলায় তাঁকে ধারাবাহিকভাবে শোন অ্যারেস্ট করে কারাগারে আটকে রাখা হচ্ছে।
মির্জা ফখরুল বলেন, মাহমুদুর রহমান প্রায় তিন বছর ধরে কারাগারে থাকলেও গতকাল বুধবার কোতোয়ালি থানার ২০১৩ সালের ২১ ফেব্রুয়ারির একটি নাশকতার বানোয়াট ও মিথ্যা মামলায় তাঁকে আবারও গ্রেপ্তার দেখিয়ে পুলিশ আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করে।
আরেক বিবৃতিতে মির্জা ফখরুল বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরীকে কারাগারের ফটক থেকে গতকাল আবার গ্রেপ্তারের নিন্দা জানান।