গণমাধ্যমের টুঁটি চেপে ধরার চেষ্টা করছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার একধরনের অর্থনৈতিক অবরোধ চালিয়ে গণমাধ্যমের টুঁটি চেপে ধরার চেষ্টা করছে। সরকারের এই নীতি অত্যন্ত জঘন্য।
গতকাল শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন এ অভিযোগ করেন। তিনি গণমাধ্যমের টুঁটি চেপে ধরার জন্য তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সরকারকে দায়ী করেন।
আসাদুজ্জামান বলেন, তথ্যমন্ত্রী বাংলাদেশের গণমাধ্যমকে গলাটিপে ধরতে সব সময় ব্যস্ত রয়েছেন। নানা কূটকৌশলে আমার দেশ পত্রিকা প্রকাশে বাধার সৃষ্টি করে রেখেছেন। সিএসবি, দিগন্ত টেলিভিশন, চ্যানেল ওয়ান এখনো বন্ধ আছে। এখন নতুন খড়্গ হাতে নিয়ে অন্যান্য গণমাধ্যমকে দুর্বল করার জন্য ব্যস্ত রয়েছেন।
বিএনপির মুখপাত্র বলেন, ‘একজন পাঠক হিসেবে আমি সম্প্রতি লক্ষ করেছি, প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকাতে বহুজাতিক কোম্পানিগুলোর বিজ্ঞাপন বন্ধ রয়েছে। সরকারের উচ্চপর্যায় থেকে চাপ সৃষ্টি না হলে গ্রামীণফোন, রবি, এয়ারটেল, ইউনিলিভারের মতো প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বন্ধ থাকার কথা নয়। বিজ্ঞাপন বন্ধ করার উদ্দেশ্য হচ্ছে একপর্যায়ে পত্রিকা বন্ধ করে দেওয়া।’ তিনি উল্লেখ করেন, স্বৈরশাসক এরশাদের আমলেও এমন হয়েছিল। তাঁর নিজের একটি পত্রিকাও এরশাদ তিনবার বন্ধ করেছিলেন।
আসাদুজ্জামান বলেন, ‘আজকে ডেইলি স্টার, প্রথম আলোর ওপর যে চাপ চলছে, এটার উদ্দেশ্য আমরা বুঝি। এর উদ্দেশ্য হচ্ছে, পত্রিকা দুটি যাতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, আর্থিকভাবে রুগ্ণ হয়ে পড়ে। আর্থিকভাবে রুগ্ণ হয়ে পড়লে প্রতিষ্ঠান দুটি সামাল দিতে না পেরে যাতে বন্ধ হয়ে যায়। অথবা এ থেকে বাঁচার জন্য তারা (পত্রিকা দুটি) সরকারের কাছে আত্মসমর্পণ করে। তারা বিরোধী দলের সংবাদ প্রকাশ না করে, অথবা সরকারের ভুল-ত্রুটিগুলো—পচা গম, এমপি লিটনের সংবাদ, আবদুর রহমান বদির ইয়াবা সাম্রাজ্যের বিষয়গুলো যাতে প্রকাশ না করে।’ তিনি বলেন, এসব খবর যাতে টিভি চ্যানেলগুলোতে প্রচারিত না হয়, তার জন্য একধরনের অর্থনৈতিক অবরোধ চালিয়ে গণমাধ্যমের টুঁটি চেপে ধরার চেষ্টা চালানো হচ্ছে।
আসাদুজ্জামান বলেন, বাকশাল সরকারের সময়ে আইন করে চারটি বাদে সব পত্রিকা বন্ধ করা হয়েছিল। আইন করে রাজনৈতিক দল বন্ধ এবং সভা-সমাবেশ ও মৌলিক অধিকার হরণ করা হয়েছিল। এখন আইন করা না হলেও রাজনৈতিক দলগুলোকে রাস্তায় নামতে দেওয়া হয় না। নতুন খড়্গ হাতে নিয়ে গণমাধ্যমকে সরকারের বশে আনার চেষ্টা চলছে। বিএনপি এর নিন্দা জানায়।
তবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গণমাধ্যমের টুঁটি চেপে ধরার চেষ্টার অভিযোগ নাকচ করে দিয়ে প্রথম আলোকে বলেন, গণমাধ্যম এখন স্বাধীন। তারা কীভাবে চলবে, কোন খবর যাবে, কোন খবর যাবে না-এ ধরনের কোনো লিখিত বা মৌখিক নির্দেশনা এ সরকার কখনো দেয়নি। বর্তমান সরকার ও তাঁর সময়ে বরং গণমাধ্যমের ব্যাপক প্রসার ঘটেছে।
তথ্যমন্ত্রী বলেন, বেসরকারি খাতের গণমাধ্যমে মূল অর্থায়নটা আসে বেসরকারি খাত থেকেই। সরকারের অর্থায়নের ওপর তারা নির্ভরশীল নয়। সুতরাং অর্থনৈতিকভাবে গণমাধ্যমকে অবরোধ করার উদ্যোগ বা সুযোগ সরকারের নেই। এই প্রক্রিয়ায় গণমাধ্যমেরও অর্থনৈতিকভাবে অবরুদ্ধ হওয়ার কোনো সুযোগ নেই।
সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের জাতীয় ঐক্যের আহ্বান নিয়ে তথ্যমন্ত্রীর একটি বক্তব্যের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ‘আমরা ইতিবাচক রাজনীতি করি বলেই বিএনপির মহাসচিব এই সংকটে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছিলেন। কিন্তু হাসানুল হক ইনু সে আহ্বানকে তাচ্ছিল্য করে জাতির আকাঙ্ক্ষার প্রতি কুঠারাঘাত করেছেন।’