গণমাধ্যমের টুঁটি চেপে ধরার চেষ্টা হচ্ছে: বিএনপি
এক ধরনের অর্থনৈতিক অবরোধ চালিয়ে গণমাধ্যমের টুঁটি চেপে ধরার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। আজ শনিবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র আসাদুজ্জামান রিপন এই অভিযোগ করেন। তিনি বলেন, টুঁটি চেপে ধরার এই চেষ্টা অত্যন্ত জঘন্য। বিএনপি এর নিন্দা জানায়।
বিএনপির মুখপাত্র বলেন, একজন পাঠক হিসেবে তাঁর বারবার মনে হয়েছে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকাতে বহুজাতিক কোম্পানিগুলোর বিজ্ঞাপন বন্ধ রয়েছে। সরকারের উচ্চ পর্যায়ের চাপ না থাকলে গ্রামীণফোন, রবি, এয়ার টেল, ইউনিলিভারের মতো প্রতিষ্ঠানের বিজ্ঞাপন না থাকার কথা নয়। বিজ্ঞাপন বন্ধ করার উদ্দেশ্য হচ্ছে একপর্যায়ে পত্রিকা বন্ধ করে দেওয়া। স্বৈর শাসক এরশাদের আমলেও এমন হয়েছিল। তাঁর নিজের পত্রিকাও এরশাদ তিনবার বন্ধ করেছিলেন।
আসাদুজ্জামান বলেন, ‘আজকে ডেইলি স্টার, প্রথম আলোর ওপর যে চাপ চলছে এটার উদ্দেশ্য আমরা বুঝি। এতে আর্থিকভাব ক্ষতিগ্রস্ত হয়, আর্থিকভাবে যাতে এ দুটি প্রতিষ্ঠান রুগ্ণ হয়ে পড়ে, আর্থিকভাবে রুগ্ণ হয়ে পড়লে এ দুটি প্রতিষ্ঠান সামাল দিতে না পারলে যাতে বন্ধ হয়ে যায়। অথবা এখান থেকে বাঁচার জন্য তারা সরকারের কাছে আত্মসমর্পণ করে তারা বিরোধী দলের সংবাদ প্রকাশ না করে বা সরকারের ভুল ত্রুটিগুলো পচা গম, এমপি লিটনের সংবাদ, আব্দুর রহমান বদির ইয়াবা সাম্রাজ্যের বিষয়গুলো যাতে না প্রকাশিত হয়, টিভি চ্যানেলগুলোতে প্রচারিত না হয়, তার জন্য এক ধরনের অর্থনৈতিক অবরোধ চালিয়ে গণমাধ্যমের টুঁটি চেপে ধরার চেষ্টা চালানো হচ্ছে।’
আসাদুজ্জামান বলেন, বাকশাল সরকারের সময়ে আইন করে সমস্ত পত্রিকা বন্ধ করা হয়েছিল। আইন করে রাজনৈতিক দল নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল, সভা-সমাবেশ করার অধিকার হরণ করা হয়েছিল, মৌলিক অধিকার মানবাধিকার হরণ করা হয়েছিল। এখন আইন করে না করা হলেও রাজনৈতিক দলগুলোকে রাস্তায় নামতে দেওয়া হয় না। আইন করে না হলেও পত্রিকাগুলোকে অর্থনৈতিকভাবে দুঃসহ পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার এক ধরনের অপচেষ্টা সরকারের তরফ থেকে রয়েছে। তিনি বলেন, আমার দেশ পত্রিকা এখনো বন্ধ রয়েছে। নানা কূটকৌশলে আমার দেশ প্রকাশে বাধা সৃষ্টি করা হয়েছে। দিগন্ত টেলিভিশন এখনো বন্ধ, চ্যানেল ওয়ান, সিএসবি বন্ধ। এখন নতুন খড়্গ হাতে নিয়ে গণমাধ্যমকে সরকার বশে আনার জন্য ব্যস্ত রয়েছে।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কঠোর সমালোচনা করে আসাদুজ্জামান বলেন, বাংলাদেশে জঙ্গিবাদের প্রতিষ্ঠাতা হাসানুল হক ইনু। এ তথ্যমন্ত্রীর দায়িত্বকালে গণমাধ্যমকে গলাটিপে ধরতে সব সময়ে ব্যস্ত রয়েছেন।
জাতীয় ঐক্য নিয়ে ইনুর বক্তব্যেরও কঠোর সমালোচনা করেন আসাদুজ্জামান। তিনি বলেন, জাসদের এই অপভ্রংশের রাজনীতি সব সময় বাংলাদেশের জন্য হুমকি ছিল, ঝুঁকিপূর্ণ ছিল।