গণমাধ্যমের শত্রু জঙ্গিবাদ: ইনু
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গিবাদ হলো গণমাধ্যমের শত্রু। এই জঙ্গিবাদের ঝাপটা থেকে গণমাধ্যমকে রক্ষা করতে সরকার সাংবাদিকদের পাশে আছে। সাংবাদিকেরা ঐক্যবদ্ধ থাকলে তাঁদের ক্ষতি করার ক্ষমতা কারও নেই। গত শনিবার মৌলভীবাজার জেলা সদরে জাসদ ইনু গ্রুপের বিভাগীয় সম্মেলনে অংশ নেওয়ার পর সাংবাদিকদের অনুরোধে রাত নয়টায় শ্রীমঙ্গল প্রেসক্লাব পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি গোপাল দেব চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম, জেলা পুলিশ সুপার তোফায়েল আহমদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সম্পাদক বিকুল চক্রবর্তী প্রমুখ।
তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে হত্যার চেষ্টাকারীদের অবশ্যই গ্রেপ্তার করে আদালতে পাঠানো হবে। এ সময় মন্ত্রী শ্রীমঙ্গল প্রেসক্লাবকে নগদ ২৫ হাজার টাকার অনুদান দেন।