গণমিছিল ডেকে 'ঝটিকা' মিছিল, আটজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণমিছিলের কর্মসূচি দিলেও গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় ‘ঝটিকা’ মিছিল করেছে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির। পুলিশের বাধায় কয়েকটি মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশ আটজনকে আটক করে।
এদিকে আগামী রোববার থেকে আবারও হরতাল ডাকার হুমকি দিয়েছে বিএনপি। টানা পাঁচ দিনের হরতাল ও গণমিছিলের কর্মসূচি শেষে গতকাল বিবৃতিতে দলের যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন অনুষ্ঠান এবং জনগণের মৌলিক ও মানবাধিকার প্রতিষ্ঠার দাবি সরকার মেনে না নিলে আগামী রোববার থেকে আমরা আবারও দেশব্যাপী হরতালসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সকাল নয়টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় মিছিল বের করে ছাত্রদল। তবে পুলিশের ধাওয়ায় মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। ছাত্রদল দাবি করেছে, পুলিশের সঙ্গে ছাত্রলীগও হামলায় অংশ নেয়। এতে ছাত্রদল কর্মী ইউসুফ ও আসাদ আহত হন। পুলিশ আহত এ দুজনসহ ছাত্রদল নেতা আল মেহেদী তালুকদার, জিসান ও নাঈমকে আটক করে।
ছাত্রদল জানায়, লক্ষ্মীবাজার এলাকা থেকে ছাত্রদল নেতা ওমর ফারুক কাউছার, মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিরন ও তুহিনকে মিরপুর থেকে আটক করে পুলিশ। বেলা একটায় টিপু সুলতান রোডে মিছিল বের করে কয়েকটি লেগুনা ভাঙচুর করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। পুলিশের ধাওয়ায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এর আগে সকাল সাড়ে সাতটায় হাতিরপুলে, নয়টায় যাত্রাবাড়ীর ধলপুর ওয়াসা রোডে, দুপুরে উত্তরায় মিছিল বের করে ছাত্রদল।
সকাল সাড়ে ছয়টা থেকে ১০টার মধ্যে ধানমন্ডির শংকর, মগবাজার রেলগেট, নয়াপল্টন, পুরানা পল্টনের কালভার্ট রোড, কল্যাণপুর, মিরপুর ১১ নম্বর, চকবাজার, মোহাম্মদপুরের লালমাটিয়ায় মিছিল বের করে বিএনপি ও জামায়াতে ইসলামী।
‘আওয়ামী লীগ জঙ্গিবাদের ফেরিওয়ালা’: বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ বিবৃতিতে বলেন, মুক্তিযুদ্ধের চেতনার একচেটিয়া ব্যবসায় ব্যর্থ হয়ে আওয়ামী লীগ এখন জঙ্গিবাদের ফেরিওয়ালা সেজেছে। আন্তর্জাতিক মহলে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোকে জঙ্গিবাদের দোসর সাব্যস্ত করার জন্য বিএনপিকে আইএস, আল-কায়েদা, তালেবান, বোকো হারাম, আন্ডারগ্রাউন্ড পার্টি ইত্যাদির সঙ্গে তুলনার কোরাস গাওয়া অব্যাহত রেখেছেন প্রধানমন্ত্রীসহ তাঁর মন্ত্রী ও দলের নেতারা।
বিবৃতিতে সালাহ উদ্দিন আরও বলেন, মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলার ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফয়াজ আলীর বাড়িতে বিজিবির অভিযানে ১ হাজার ৫৮৪টি বোমা উদ্ধার এবং বিভিন্ন স্থানে ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মী বোমাসহ ধরা পড়েছেন। বিবৃতিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রীসহ তাঁর দলের নেতারা প্রায়ই তাচ্ছিল্যভরে বলেন, বিএনপি গোপন জায়গা থেকে বিবৃতি দিয়ে হরতাল-অবরোধের ঘোষণা দেয়। এ বিষয়ে আমাদের বক্তব্য হচ্ছে, ইন্টারনেটে ই-মেইলের মাধ্যমে সব সময়ে যেভাবে দলীয় বিবৃতি-বিজ্ঞপ্তি দেওয়া হয়, সে একই প্রক্রিয়ায় তা এখনো দেওয়া হচ্ছে। আমি প্রশ্ন রাখতে চাই, আপনারা কি প্রকাশ্য রাজনীতির কোনো সুযোগ বিরোধী দলের জন্য উন্মুক্ত রেখেছেন?’